তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তাঁর নিজের বক্তব্য বা আসার সম্ভাব্য পদ্ধতিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের আইন মেনেই তাঁকে ফিরতে হবে এবং এর বাইরে কোনো সুযোগ নেই বলে তিনি জানান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট এবং জনগণকে হত্যার অভিযোগের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এখন তাঁর দেশে ফেরা নিয়ে কী বলছেন, কীভাবে আসতে চান কিংবা আদৌ আসবেন কি না—এসব বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে উল্লেখ করে আন্দালিভ রহমান জানান, তিনি বিমানে আসবেন, নাকি অন্য কোনো পথে আসবেন, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়। দেশে প্রচলিত আইন রয়েছে এবং সেই আইন মেনেই তাঁকে ফিরতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই।
দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তাঁর (শেখ হাসিনা) পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, শুধু বিভিন্ন বক্তব্য ও আলোচনার মাধ্যমে বিষয়টি সামনে আনা হচ্ছে। আগে দেশে ফেরার বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, এরপর পরিস্থিতি অনুযায়ী বিষয়টি বিবেচনা করা যাবে।
আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে চায় অভিযোগ করে আন্দালিভ রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের কার্যক্রম নিয়ে একধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি পালন করলে এটি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, তবে রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কোনো এলাকায় অস্থিরতা তৈরি করা কিংবা জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা কাম্য নয়। এর অভিযোগ, বিভিন্ন ইস্যু সামনে এনে সরকারের উন্নয়ন কার্যক্রম থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশের সংখ্যালঘু বিষয় ভারতের রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহারের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহারের প্রবণতা রয়েছে বলে তিনি মনে করেন।
প্রায় দেড় বছর ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে নানা ধরনের বক্তব্য ও প্রচারণা দেখা যাচ্ছে মন্তব্য করে আন্দালিভ রহমান জানান, বিশেষ করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য জড়িত থাকলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
তথ্যমন্ত্রীর ভাষ্য, ভারতের ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের সংখ্যালঘু বিষয় রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহারের প্রবণতা রয়েছে। এ কারণে বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা হচ্ছে কি না, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন।
শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আদালত কর্তৃক ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফেরত আসবে, তার ইচ্ছেমতো নয়।
সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতারা নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো এবং প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তথ্য প্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
তথ্যসূত্র: প্রথম আলো
Source: Prothom Alo






