রোহিঙ্গা সংকট সমাধানে বহুপক্ষীয় কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি মিয়ানমারের সামরিক সরকার এবং রাখাইন অঞ্চলে প্রভাব বিস্তারকারী আরাকান আর্মির সঙ্গেও আলোচনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শুধু আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ওপর নির্ভর করে এই সংকটের সমাধান সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এবি পার্টি আয়োজিত ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সমস্যা। এই সংকটের সমাধান করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া জরুরি। অন্য কোনো দেশে তাদের স্থানান্তর বা পুনর্বাসনের প্রস্তাব বাংলাদেশের জন্য কোনো বিকল্প হতে পারে না এবং এটি দেশের জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, বাংলাদেশ এমন একটি ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে অবস্থান করছে যেখানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা নিয়ে নানা দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের অন্য দেশে স্থানান্তরের উদ্যোগ ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি করতে পারে।

আইসিজের কার্যক্রম সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও শুধু এর ওপর নির্ভর করে সমাধান পাওয়া যাবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে আলোচনা ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার ওপর ভবিষ্যতে তাদের ভূমিকা নির্ভর করবে।

বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়ানোর ওপর জোর দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, কোনো দেশ তখনই অন্য দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন সেখানে তাদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ তৈরি হয়। বাংলাদেশে বিভিন্ন দেশের বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়াতে হবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব বাড়বে এবং রোহিঙ্গা সংকট সমাধানেও তা কাজে লাগানো সম্ভব হবে।

রাখাইন অঞ্চলের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, ওই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রাখা প্রয়োজন। ভারত নিজেদের স্বার্থ বিবেচনায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করছে। রাখাইন অঞ্চলে ভারতেরও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে। তাই বাংলাদেশেরও এ বাস্তবতা বিবেচনায় নিয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত।

চীনের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন অঞ্চলে চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে। বিশেষ করে কিয়াউকফিউ বন্দর এবং চীন-মিয়ানমার অর্থনৈতিক যোগাযোগের বিষয়টি দেশটির কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার প্রস্তাব বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বাড়াতে পারে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের নতুন পথ তৈরি করতে পারে।

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে আগের মতো গুরুত্ব পাচ্ছে না উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, বিশ্বজুড়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের শরণার্থী সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ রয়েছে। ফলে রোহিঙ্গা সংকট অনেকটা বাংলাদেশের নিজস্ব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।

এ সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। এটি কোনো ব্যক্তি বা দলের একক বিষয় নয়, বরং জাতীয় ইস্যু। রোহিঙ্গা সংকটের কারণে দেশের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হচ্ছে। তাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় কৌশল নির্ধারণ করা জরুরি।

তিনি বলেন, মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি রাখাইন অঞ্চলে প্রভাবশালী পক্ষগুলোর সঙ্গেও যোগাযোগ রাখতে হবে। জাতিসংঘ, আইসিজে ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। বহুপক্ষীয় কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর পথ তৈরি করতে হবে।

Source: RisingBD