অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে অস্ট্রেলিয়ার সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে যাত্রা করেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বনির্ধারিত সফর শেষে তার দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমবেত হন। এ সময় প্রবাসীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। বিদায়ের মুহূর্তে বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসীদের আন্তরিকতা ও ভালোবাসার মধ্য দিয়ে শেষ হয় তার অস্ট্রেলিয়া সফর।
সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ার সিডনি ও রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসব অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মুজিবুল আলম জানান, ডা. শফিকুর রহমানের পূর্বনির্ধারিত সফর শেষে মালয়েশিয়া হয়ে দেশে ফেরার কথা ছিল। তবে দলীয় ও সাংগঠনিক কাজের কারণে তিনি এবার সরাসরি দেশে ফিরছেন। সফরে যাওয়ার আগেই তিনি সফর সংক্ষিপ্ত করার বিষয়টি জানিয়েছিলেন। সেই পূর্বঘোষণা অনুযায়ীই তিনি দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সফর সংক্ষিপ্ত করার তথ্যের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
Source: Desh TV






