জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, সরকারকে শুধু মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাঁর মতে, এটি ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তর জামায়াত কার্যালয়ে দলের গুলশান পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন গুলশান পূর্ব থানা আমির মো. জিল্লুর রহমান। ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এসব তথ্য জানিয়েছেন।

সেলিম উদ্দিন উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের অন্যতম পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন। তাই বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ‘আমরা এই সরকারকে বলবো, মুখে ঐক্যের কথা নয়, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করুন।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে। এ পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। এর পাশাপাশি সংগঠনটি আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, সুযোগ মানুষকে স্বার্থবাদী ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এ জন্য মানুষের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, তাঁর সাহায্য কামনা এবং নৈতিক মূল্যবোধ থাকা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়—এমপি, মন্ত্রিত্ব কিংবা ক্ষমতা, কোনোটিই চিরস্থায়ী নয়।

তিনি আরও বলেন, দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক হলে চলবে না। সংগঠনের কর্মীদের খোঁজখবর রাখা, তাদের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও মজবুত করার প্রতি গুরুত্ব দিতে হবে।

সেলিম উদ্দিন জানান, দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪