অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশের পথে রওনা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শফিকুর রহমানকে বিদায় জানাতে বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমবেত হন। এ সময় প্রবাসীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
সফরে যেসব অনুষ্ঠানে অংশ নেন
সফরকালে ডা. শফিকুর রহমান সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সফরের শুরুতে গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান তিনি। পরদিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।
পরদিন ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান জামায়াত আমির।
প্রতিনিধিদলে কারা ছিলেন
অস্ট্রেলিয়া সফরে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
Source: Kalbela






