পতিত ও পলাতক ফ্যাসিস্টরা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী জনগণ তাদের সব অপচেষ্টা রুখে দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রেখে এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর বিশ্বাস রেখে ভোট দিয়েছেন। সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করছেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে। একইভাবে চীন ও জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের সূচনা হয়েছে। এসব অর্জন পতিত ও পলাতক ফ্যাসিস্টদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই বিভিন্ন খাতে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে অরাজকতা এবং অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তি এবং প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, তা কখনো সফল হবে না। ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা।
Source: জাগো নিউজ২৪






