রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর বিএনপির আয়োজিত জনসভায় ব্যাপক লোকসমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জনসভা আয়োজনের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ আশা প্রকাশ করেন।

রিজভীসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সমাবেশের মঞ্চ নির্মাণের স্থান, নেতাকর্মীদের প্রবেশ ও বের হওয়ার পথসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় তাঁরা সমাবেশ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় ব্যাপক লোকসমাগম হবে এবং যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ আয়োজন করা হচ্ছে, তা পূরণে বিএনপি সফল হবে।’

তিনি জানান, জনসভায় বক্তৃতা শোনার জায়গা কেমন হবে এবং মঞ্চ কোন দিকে স্থাপন করলে ভালো হয়, তা সরেজমিনে পরিদর্শন করেছেন নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রোতাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবেশস্থলের অবস্থান ও ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে নেতারা তাঁদের পরামর্শও জানিয়েছেন।

রিজভী আরও বলেন, জনসভা আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে গত তিন-চারদিন ধরে বিভিন্ন কাজ করা হচ্ছে। আজকের মাঠ পরিদর্শনও সেই প্রস্তুতিরই অংশ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, বিজয়ের মাস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বরের জনসভাটি হবে সেই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

জনসভা থেকে কী বার্তা দেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সেদিন প্রধানমন্ত্রী নিজেই তার বার্তা দেবেন। দলের নেতারাও বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী কী বলবেন, তা আগে থেকে বলা সম্ভব নয়। সেদিনই আপনারা তা জানতে পারবেন এবং সংবাদমাধ্যমে প্রচার করবেন।’

আগামীকাল নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির প্রতিনিধি হিসেবে নজরুল ইসলাম খান ও ইসমাইল জবিউল্লাহ সেখানে আলোচনা করবেন। তবে আলোচ্যসূচি সম্পর্কে তিনি অবগত নন।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪