বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বিএনপি যদি আবার তাদের পুরোনো সুবিধাবাদী রাজনীতির পথে ফিরে যায়, তাহলে ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে জেগে ওঠা নতুন শক্তিই আগামীতে বাংলাদেশ পরিচালনা করবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের শহীদ আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমির শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী।

মামুনুল হক বলেন, “বিএনপি যদি আবার তাদের সেই পুরোনো সুবিধাবাদী পন্থার রাজনীতির দিকে যায়, এবার আর বিএনপি নয়, এবার আমরা ২৪-এর জেগে ওঠা নতুন শক্তি আগামীর বাংলাদেশ পরিচালনা করব, ইনশাআল্লাহ।”

বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, “বাহাত্তরপন্থি না আপনারা চব্বিশপন্থি? আগে আপনার কেবলা ঠিক করেন। আপনারা যদি বাহাত্তরপন্থি হন, শেখ হাসিনা গেছে যেই পথে, বাহাত্তরপন্থি বাংলাদেশের সমস্ত অপশক্তি যাবে সেই পথে।”

জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। মামুনুল হক বলেন, বিএনপি এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের স্বার্থে তারা স্বেচ্ছায় দলটির পাশে দাঁড়াবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি যদি তার বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানাতে হবে না, দলমত নির্বিশেষে দেশপ্রেমিক মানুষ তাদের সহযোগিতা করবে।”

বিএনপির ওপর দীর্ঘদিনের রাজনৈতিক নির্ভরশীলতার প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ২০২৪ সালের বিপ্লবের আগে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিকল্প হিসেবে জনগণ বিএনপির ওপর নির্ভর করত। কিন্তু ২৪-এর বিপ্লব দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। ফলে কোনো দল পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে জনগণ বিকল্প শক্তির নেতৃত্বে দেশ পরিচালনার পথ বেছে নেবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র মুহাম্মদ রাশেদ প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন এবং এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

Source: জাগো নিউজ২৪