জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চাইলে গোপালগঞ্জ ছারখার করে দিতে পারত, তবে দলটি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী।

সমাবেশে দুলু বলেন, সাতক্ষীরায় আওয়ামী লীগ ‘পাখির মতো’ জামায়াতের নেতাকর্মীদের গুলি করে হত্যা করে এলাকাটি ছারখার করেছিল। বিএনপি চাইলে গোপালগঞ্জও ছারখার করে দিতে পারত। কিন্তু বিএনপি কখনো খুনের রাজনীতি, হত্যার রাজনীতি কিংবা গণতন্ত্রকে বিপন্ন করার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য তিনি করেন।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ ও মাদারীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। থানা পুড়িয়ে দিয়েছে, পরিষদ উড়িয়ে দিয়েছে এবং প্রশাসনের সরকারি প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দিয়েছে। এরপরও রাষ্ট্র ধৈর্যের পরিচয় দিচ্ছে। তিনি বলেন, দেশের মানুষ যেন বুঝতে পারে, আওয়ামী লীগ কী—আওয়ামী লীগ কাকে বলে।

শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ওই ঘোষণার কারণে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন। যারা ভালো রাজনীতি করেন এবং অন্যায়-অবিচারের সঙ্গে জড়িত নন, সেই নিরীহ আওয়ামী লীগ সমর্থকেরাও শেখ হাসিনার কারণে কষ্ট পাচ্ছেন।

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর আসবে না, উনি এটা নাটক করবেন। ওই যে ভাই বলেছেন, এটা নাটক করার প্ল্যান। উনি কি প্লেনে উঠতে পারেন? ওখান থেকে আসার ক্ষমতা নেই। উনি বলবেন, আমাকে যেতে দিল না। এটা হলো উনি আওয়ামী লীগের কর্মীদের আজকে বোঝাচ্ছেন।’

দুলু বলেন, আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে শেখ হাসিনা যে আতঙ্ক ও উত্তেজনা তৈরির চেষ্টা করছেন, তা মোকাবিলায় প্রত্যেক নাগরিকের নিজ নিজ এলাকায় পাহারা দেওয়া উচিত। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। এটাই এখন মূল কাজ।’

শেখ হাসিনার সমালোচনা করে তিনি আরও বলেন, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল। ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই শেখ হাসিনা বলেছিলেন, ‘একদিনের জন্য খালেদা জিয়াকে আমি শান্তিতে থাকতে দেব না।’ এরপর তিনি ১৭২ দিন হরতাল করেছিলেন।

দুলু বলেন, ‘যতদিন পর্যন্ত হাসিনা বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। উনি যতদিন বেঁচে থাকবেন, মাঝে মাঝে আগুন দেবেন এবং বিভিন্ন সরকারি স্থাপনায় ককটেল হামলা করবেন।’

তিনি জানান, সংসদের মাধ্যমে দলের নেতা দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, তারা ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করেছেন।

দুলু বলেন, ‘আমরা বাংলাদেশের মাটি থেকে নৈরাজ্য, অগ্নিকাণ্ড, অগ্নিসন্ত্রাস, মানুষের বাড়িতে আগুন এসব চিরস্থায়ীভাবে উৎখাত করতে চাই। আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে তারা যে টেনশন সৃষ্টি করেছে, আমাদের প্রত্যেক নাগরিকের উচিত এলাকা এলাকা পাহারা দিয়ে এই সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করা।’

তথ্যসূত্র: জাগো নিউজের রাজনীতি প্রতিবেদন।

Source: জাগো নিউজ২৪