বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটের রায় অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করার কারণে তারা আবারও ফিরে আসার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিওনড ক্যাম্পাস: লিডিং টোমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, একদিকে সংকট তৈরি করা, অন্যদিকে ফ্যাসিবাদীদের লালন করার কারণে তারা ফিরে আসার সুযোগ খুঁজছে। তবে জুলাইয়ের রক্ত দেওয়া যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার মাটিতে আসতে বা বসতে দেবে না বলেও জানান তিনি।

গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। রাষ্ট্র পরিচালনার জন্য হয়েছে সংসদ নির্বাচন। দুটি বিষয় মেনে সবাই নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার করেছে সেখান থেকেই সংকটের শুরু।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলার চরম অবনতির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। তারা সামনে এগিয়ে যাওয়ার দরজা খুলে দিয়েছে।

দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। স্টার্টআপ গড়ে তুলতে মেধা, ইচ্ছা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ; এই তিনটি একত্র করতে পারলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “আজকের বাংলাদেশ ও এ অনুষ্ঠান জুলাইয়ের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে আছে। ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন এ জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। একটি অধীনস্থ ও গোলাম জাতিতে পরিণত করার সব আয়োজন করা হয়েছিল। জুলাইয়ের জনতা সেই শৃঙ্খল ভেঙে দিয়েছে।” কোটার ঘোরপ্যাঁচে ফেলে মেধাকে অবমূল্যায়ন করে দলীয়তন্ত্র প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

জুলাই আন্দোলনে জামায়াতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের সঙ্গে অনেক দল সম্পর্ক অস্বীকার করলেও জামায়াতের সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে ছাত্রসমাজের পাশে দাঁড়ানো, সর্বাত্মক সহযোগিতা এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। এ ক্ষেত্রে জামায়াত কোনো হীনমন্যতা দেখায়নি বলে দাবি করেন তিনি।

ফ্যাসিবাদ বিশ্ববিদ্যালয়গুলোতে অসুস্থ পরিবেশ, খুনের সংস্কৃতি, রক্ত ও লাশের জঞ্জাল রেখে গিয়েছিল বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এসব যন্ত্রণা থেকে ৫ আগস্ট আল্লাহ মুক্তি দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, ৫ আগস্ট পর্যন্ত যারা বর্তমানে সরকারে রয়েছে তাদের সঙ্গে আমাদের বক্তব্য ও ওয়াদা এক ছিল। ৫ আগস্টের পর অনেকে বদলে গেছেন।”

তিনি অভিযোগ করেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে বেশি গতিতে চলছে। শুধু তা-ই নয়, জাতিসংঘের হিসাবে এক হাজার ৪০০ মানুষকে শহীদ এবং ২৪ হাজার মানুষকে পঙ্গু করা ফ্যাসিবাদীদের কেউ কেউ অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। একে শহীদ ও পঙ্গুদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা বলে বর্ণনা করেন তিনি। সাধারণ যুবসমাজও তা চায়নি বলেও জানান তিনি।

তরুণদের নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন, তার স্বপ্ন এ দেশের চার কোটি যুবককে নিয়ে। তরুণরা ককপিটে বসে জাতিকে নেতৃত্ব দেবে, আর অভিজ্ঞরা তাদের পাশে থাকবেন। জাতির দায়িত্বভার তরুণদের গ্রহণ করতে হবে। জাতি এগিয়ে যায় সিনিয়র, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে—এই সমন্বয় না হলে সামনে এগোনো সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচন শিক্ষার্থীরা সহজে পায়নি; তাদের লড়াই করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দিতে চায়নি; রাজনীতিবিদদের একটি অংশও নাখোশ ছিল। নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়নি সেখানকার শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম ও গেস্টরুম সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার্থীরা এসব কালচার গুঁড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়কে যারা অস্থির করে তুলত শিক্ষার্থীরা তাদের প্রতিহত করেছে। এ জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতা করেনি। প্রশাসনের অসহযোগিতার মধ্যেও শিক্ষার্থীরা লড়াই করে কাজ করেছে। অনুকূল পরিবেশ পেলে তারা যা করেছে তার তিন গুণ করতে পারত। প্রশাসনের অসহযোগিতার জবাব একদিন দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, জাতির স্বার্থে দলীয়করণের বিরুদ্ধে জামায়াত সোচ্চার হয়েছে, নিন্দা জানিয়েছে। সরকার মেরিটোক্রেসির কথা বললেও পলিটোক্রেসির দিকে গেছে। আমরা তাদের মেরিটোক্রেসিতে আসতে বাধ্য করব।

নারী-পুরুষের সমান অধিকারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এ দেশে জন্ম নেওয়া নারী বা পুরুষ প্রত্যেকেই সমান অধিকার ভোগ করবেন। কারও ওপর ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই। সমাজ ও দেশ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেলে টেকসই সমাজ ও দেশ গড়ে উঠবে না। সবার নাগরিক ও মৌলিক মানবিক অধিকার সমানভাবে ভোগ করা উচিত। আমরা সবাইকে একই দৃষ্টিতে দেখতে চাই।”

জামায়াতের অনেক নেতাকর্মীকে খুন, গুম ও পঙ্গু করা হয়েছে এবং ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আইনি প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে; তবে কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ প্রজন্ম যুগে যুগে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। জুলাইয়ের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য ছাত্র-শ্রমিকসহ সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পাওয়া গেছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নানা ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচিত প্রতিনিধিদের পেয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের কারণে কেউ ক্যাম্পাসে আঘাতপ্রাপ্ত হয়নি বলে দৃঢ়তার সঙ্গে তিনি বলেন। তারা কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অপকর্মের সঙ্গে যুক্ত হননি। নতুন, আত্মপ্রত্যয়ী, স্বনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, আগে ছাত্রসংসদ মানেই ছিল টেন্ডারবাজি, দখলবাজি, সিট বাণিজ্য, মারামারি ও সেশনজট। স্বাধীনতার পর এবারই প্রথম বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচিত প্রতিনিধিরা বড় ধরনের পরিবর্তন এনেছেন। তাদের সততা, নৈতিকতা, দক্ষতা, দেশপ্রেম ও আদর্শের কারণেই এ পরিবর্তন সম্ভব হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দুর্ভিক্ষ হচ্ছে নৈতিকতার; এ অভাবেই দেশ পিছিয়ে রয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিক্ষার্থীরা সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার পরিচয় দিয়েছেন। আগামীর নেতৃত্বে তারাই আসবেন। নির্বাচিত প্রতিনিধিরা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এটি বাংলাদেশে বিরল ঘটনা। ছাত্রজীবনে অর্জিত নীতি-নৈতিকতার শিক্ষা কর্মজীবনে কাজে লাগিয়ে জাতিকে বদলে দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস ইব্রাহিম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বক্তব্য দেন ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Source: জাগো নিউজ২৪