বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়ন না করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের উদ্যোগ নেওয়ায় তিনি সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায় কোনো ধরনের কালক্ষেপণ না করে কার্যকর করতে হবে। অন্যথায় জাতীয় ঐক্য ভঙ্গুর হয়ে পড়বে এবং স্থায়ী হবে না।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার দিনব্যাপী অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশ এখন কোন পথে এগোচ্ছে তা বিবেচনার দাবি রাখে। তরুণ ও যুবকদের আত্মত্যাগের বিনিময়ে জাতি একটি গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে। দীর্ঘ সাড়ে ১৬ বছর ফ্যাসিবাদী দুঃশাসনের যাঁতাকলে জাতি পিষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ সময়ে জামায়াতের শীর্ষ ১১ নেতাকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কেউ কেউ কারাগারে অযত্ন ও বিনা চিকিৎসায় মারা গেছেন বলে জানান তিনি। নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন এবং দলের নিবন্ধন কেড়ে নেওয়া ও বেআইনিভাবে নিষিদ্ধ করার ঘটনাও ঘটেছে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।

তিনি বলেন, শুধু জামায়াতে ইসলামী নয়, আরও অনেক রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। অনেককে দেশ ছেড়ে যেতে হয়েছে।

জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির প্রতি তাদের এবং আমাদের বক্তব্য একই ছিল। কিন্তু সরকার গঠনের পর কীভাবে তারা জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করল, কেন অবস্থান পরিবর্তন করল, তা জনগণের সামনে পরিষ্কার করতে হবে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে বাংলাদেশ আদৌ বসবাসের জন্য নিরাপদ হবে কি না।

তিনি বলেন, জুলাইয়ের অঙ্গীকার পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আমরা কোনো কিছুর বিনিময়ে অবস্থান পরিবর্তন করব না। সরকারকে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধানও আপনাদেরই করতে হবে। গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করুন। জনগণ পুরোনো ফ্যাসিবাদ কিংবা নতুন করে নব্য ফ্যাসিবাদ কায়েম হওয়া চায় না।

স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেওয়ার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে এ উদ্যোগের পথ বন্ধ করেছে। এটি জাতির সঙ্গে প্রতারণা। সংবিধান সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হলে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালতের হস্তক্ষেপের সুযোগ থাকবে।

স্থানীয় সরকারব্যবস্থা নিয়েও সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, অতীতের নোংরা রাজনীতিতে ফিরে না যাওয়ার কথা বলা হলেও স্থানীয় সরকারব্যবস্থা দলীয় লোক ও ক্যাডারদের দিয়ে দখল করা হয়েছে। সাড়ে ১৫ বছরের নির্যাতনের পর জাতিকে একটি স্বস্তিদায়ক জায়গায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ছিল।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে তিনি বলেন, সরকারি দলের লোকজন নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে একে অপরকে হত্যা করছে। পাথর মেরে হত্যার ঘটনাও ঘটছে। নারী, শিশু ও মা-বোনেরা নিরাপদ নন। সারা দেশে মাদকের বিস্তার ঘটেছে। স্কুলের গেটে ও ভেতরে মাদক বিক্রি হচ্ছে। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির সারা দেশ।

তিনি আরও বলেন, একটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতা দেখা যায়নি। একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চাপে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত সমাজের কারণে আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা নিজেদের দলের দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে আলোচনায় বসবো।

পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ সমস্যার স্থায়ী সমাধানে সরকার ও শিল্পমালিকদের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে, আমরা এর যথাযথ বাস্তবায়ন চাই। পাশাপাশি শিল্পকারখানায় নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে জাগ্রত ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, একটি বাহিনীর পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। এ জন্য জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় প্রয়োজন। সীমান্তে অবৈধভাবে কিছু মানুষকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। জনগণ ও বিজিবি যৌথভাবে তা প্রতিহত করেছে। দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।

বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, কোনো দেশের সঙ্গে চুক্তি হলে তা সংসদে উপস্থাপন করতে হবে। কারণ এসব চুক্তি শুধু সরকারের সঙ্গে সম্পর্কিত নয়, জাতির ভাগ্যের সঙ্গেও জড়িত। চুক্তিতে কী দেওয়া হয়েছে এবং বিনিময়ে কী পাওয়া যাচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। দেশ গড়ার কাজে যুবসমাজকে সম্পৃক্ত করতে চায় দলটি। যুবসমাজের প্রত্যাশা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। তারাই এ জাতির ভবিষ্যৎ রচনা করবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। সঞ্চালনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪