দেশের তৈরি পোশাকশিল্প ভারতীয় ষড়যন্ত্রের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, বাংলাদেশের গার্মেন্টসশিল্প বন্ধ হয়ে যাচ্ছে। এই শিল্প বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তরের ষড়যন্ত্র চলছে। দেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বরকত উল্লাহ বুলু বলেন, ১৭ বছর ধরে হাসিনার ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপি কোথাও ভুলত্রুটি করে থাকলে তা শুনে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৩১ দফার ভিত্তিতে ৪২টি রাজনৈতিক দল একত্রিত হয়ে হাসিনাবিরোধী আন্দোলন করেছে। পরবর্তী সময়ে সেই আন্দোলন জুলাই-আগস্টে ভিন্ন রূপ নিয়ে চূড়ান্ত রূপ লাভ করে। তাই এই আন্দোলন-সংগ্রামে যারা শরিক ছিলেন, তাদের সবাইকে নিয়ে আবারও জাতীয় ঐক্য গঠন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে।

বিএনপির এই সংসদ সদস্য (এমপি) বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু ১৭ বছর একটি দিনের জন্যও আপস করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, দেশের স্বার্থবিরোধী কোনো কিছুর সঙ্গে কখনো আপস করেননি। এই দুই আপসহীন দেশপ্রেমিক নেতার সন্তান তারেক রহমানও কোনো দিন আপস করবেন না। বিএনপি কোনো আপসের পথে যাবে না।

কমরেড মোহাম্মদ তোয়াহার স্মৃতিচারণা করে বরকত উল্লাহ বুলু বলেন, ভাষাসৈনিক হিসেবে তিনি ভাষা আন্দোলনকে অত্যন্ত সুসংগঠিত করেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মহাখালীর বিশাল অঞ্চলকে মুক্তাঞ্চল ঘোষণা করে সেখানে সমাজতান্ত্রিক আন্দোলনকে অনেক এগিয়ে নিয়েছিলেন। তিনি সরাসরি মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন।

বরকত উল্লাহ বুলু বলেন, কমরেড তোয়াহা রামগঞ্জ থেকে উঠে এসেছেন। এই অঞ্চল থেকে এনএসএফের আরেক নেতা ও ডাকসুর নির্বাচিত ছাত্রনেতা জমির আলীও উঠে এসেছেন। পাকিস্তান আমল থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী চারজনের একজন আ স ম আবদুর রব। তিনিও রামগঞ্জ থেকে উঠে এসেছেন। এই অঞ্চল থেকে আরও অনেক রাজনীতিবিদ উঠে এসেছেন। এ সময় নোয়াখালীর বিভিন্ন রাজনীতিবিদ ও মানুষের কথা স্মরণ করেন তিনি।

নোয়াখালী-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, কমরেড তোয়াহা শুধু ভাষা আন্দোলনেই নয়, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টেরও অন্যতম সংগঠক ছিলেন। সে সময় তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে নিজের জায়গাজমি বিক্রি করে মানুষের জন্য বেড়িবাঁধ নির্মাণ করেছিলেন। ওই বেড়িবাঁধের কারণে লক্ষাধিক একর জমি রামগতির সঙ্গে যুক্ত হয়েছে। এটি এখনো কমরেড তোয়াহার বেড়িবাঁধ হিসেবে পরিচিত। তবে সরকারিভাবে এখনো তার নামে বেড়িবাঁধটির নামকরণ করা হয়নি। এ সময় সরকারের কাছে বেড়িবাঁধটি কমরেড তোয়াহার নামে নামকরণের দাবি জানান বরকত উল্লাহ বুলু।

বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভা সঞ্চালনা করেন দলটির সাধারণ সম্পাদক খান মো. নূরে আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪