চট্টগ্রাম ও আশপাশের ১০ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে ৮৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) থেকে রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ধরে পরিচালিত এই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২২ জন সদস্য এবং কিশোর গ্যাংয়ের ৩৪৬ জন সদস্য গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ১৬৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ৬৭ জন মাদকসেবী এবং ২৫ জন মাদক ব্যবসায়ী। এসব ঘটনায় ২৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড এবং মোট ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২০ হাজার ৫১০ পিস ইয়াবা, ৩৩ কেজি গাঁজা, ২৭৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ বোতল হুইস্কি ও ১২১ বোতল বিদেশি মদ।

জেলাভিত্তিক হিসাবে নিষিদ্ধ সংগঠনের গ্রেফতার সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৩০, কক্সবাজারে ৯, কুমিল্লায় ২৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১১, নোয়াখালীতে ১৭, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৪, রাঙামাটিতে ৫ ও খাগড়াছড়িতে ৪ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৪৬ জনের মধ্যে ১৬১ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৩৬, কক্সবাজারে ১৫, কুমিল্লায় ১৯৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৯, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ২৬, রাঙামাটিতে ৫, খাগড়াছড়িতে ২২ ও বান্দরবানে ৬ জনকে আটক করা হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী।

Source: জাগো নিউজ২৪