স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে। নতুন করে সময় চেয়েছে দলটি। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সংলাপের তারিখ নির্ধারণ করলে তাতে অংশ নেবে বিএনপি।

রোববার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জাগো নিউজকে বলেন, সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির যে সংলাপে অংশ নেওয়ার কথা ছিল তা হচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানানো হলে বিএনপি সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রমানুসারে ক্ষমতাসীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ও বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। তবে প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসার আগ্রহের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে।

অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সোমবার দলটির সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণ করে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এসেছে। নতুন করে সময় চাওয়ায় সোমবার বিএনপির সঙ্গে সংলাপ হচ্ছে না।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪