নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। রোববার (২৯ নভেম্বর) তার এমন বক্তব্যের ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বক্তব্যটি তিনি দিয়েছিলেন গত মঙ্গলবার (২৪ নভেম্বর) আনোয়ারা উপজেলা পরিষদের হলরুমে ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ অনুষ্ঠানে।
ছড়িয়ে পড়া ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, “আমাদের বহু নেতাকর্মী আজ হাসপাতালে, বিভিন্ন জায়গায় আছেন। তারা (আওয়ামী লীগ) পয়সা দিয়ে বিভিন্ন লোকজনকে লাগিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। এদের বিরুদ্ধে আমার নেতাকর্মীরা যদি দৃষ্টান্তমূলক কোনো কাজ করতে পারেন, তাহলে তাদের আমরা পুরস্কৃত করব, ইনশা আল্লাহ।”
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন, একদিনের জন্যও আত্মগোপনে যাননি। এখন বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, বিগত ১৭ বছরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলী আব্বাস। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় হুমায়ন কবির চৌধুরী আনসার, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, মোজাম্মেল হক ভিপি, জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল আলম, কামরুদ্দিন সবুজ ও মোহাম্মদ ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, “এটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। যারা ঘাপটি মেরে বসে থেকে দেশে নাশকতা ও অরাজকতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সব ধরনের প্রস্তুতি আছে।”
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






