মালদ্বীপের মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের (এসপিএফ) ১৬তম আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রায় ৩১ জন গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবী অংশ নিয়েছেন। ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য ও মনোরোগবিদ্যা বিষয়ে আঞ্চলিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম অংশ নেন। অনুষ্ঠানে মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এ ধরনের একাডেমিক ও পেশাগত বিনিময়কে তারা উৎসাহিত করে এবং গুরুত্ব দেয়। হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ জ্ঞানভিত্তিক সহযোগিতা ও আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখে।

হাইকমিশনের মতে, এ ধরনের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী পেশাগত নেটওয়ার্ক গড়ে ওঠে। একই সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর হয়।

Source: জাগো নিউজ২৪