মেক্সিকোতে দায়িত্ব শেষ করে ঢাকায় ফেরার আগে বিদায়ী ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার (১৩ মার্চ) মেক্সিকো সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানের অতিথি ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং মিশনের সহকর্মীরা।
অনুষ্ঠানে আইভেরি কোস্ট, ভারত, পাকিস্তান, তুরস্ক ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং ইরাক, আজারবাইজানসহ কয়েকটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নিয়ে বিদায়ী রাষ্ট্রদূতকে শুভকামনা জানান।
অতিথিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত মুশফিক দায়িত্বকালে পাওয়া সহযোগিতা, বন্ধুত্ব ও সমর্থনের জন্য কূটনীতিকদের ধন্যবাদ দেন। তার মতে, সেখানকার কূটনীতিকদের সৌহার্দ্য ও সহযোগিতা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হয়েছে।
তিনি বলেন, দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর সম্প্রতি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে। নতুন সংসদের প্রথম অধিবেশন হয়ে যাওয়াকে তিনি আশাব্যঞ্জক সূচনা বলে উল্লেখ করেন।
মেক্সিকোর সরকার, জনগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত মুশফিক, আর স্বল্প নোটিশে আমন্ত্রণে সাড়া দেওয়ায় ধন্যবাদ দেন অতিথিদের।
কূটনৈতিক কোরের ডিন ও আইভেরি কোস্টের রাষ্ট্রদূত বক্তব্যে মুশফিকুল ফজল আনসারীর নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতার প্রশংসা করেন এবং কূটনৈতিক সম্প্রদায়ের সঙ্গে গঠনমূলক সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান। অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতারসহ দেশীয় খাবারে আপ্যায়ন করা হয়।






