মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলার মধ্যেই পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন ৩১ বাংলাদেশি নাবিক। শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে জাহাজের নেভিগেশন ব্রিজে এ জামাত হয়। জাহাজটির নাম বাংলার জয়যাত্রা; বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এ জাহাজ সংঘাতের কারণে ১০ দিন ধরে উপসাগরে আটকে আছে।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কা মাথায় নিয়েই স্বজনদের সঙ্গে কথা বলে দিনটি কাটান নাবিকেরা। নাশতায় ছিল খেজুর, সেমাই, ডিম, নুডলস আর জুস; দুপুরে ঈদের বিশেষ খাবার হিসেবে পোলাওয়ের সঙ্গে ছিল গরু ও উটের মাংস এবং স্মোকড ফিশ। একসঙ্গে নামাজ পড়া ও ছবি তোলার পাশাপাশি গান শুনে, সিনেমা দেখে আর আড্ডা দিয়ে সময় কাটান তারা।

গত ২৭ ফেব্রুয়ারি স্টিল কয়েলের চালান নিয়ে কাতার থেকে দুবাইয়ের জেবেল আলী বন্দরে আসে জাহাজটি; পরদিনই সংঘাত বেধে যায়। সংঘাতের মধ্যেই মালামাল খালাস শেষে ১১ মার্চ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। জাহাজটি কবে দেশে ফিরতে পারবে, তা এখনো জানা যায়নি।