মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে চার বছরের স্নাতক শেষ করা শিক্ষার্থীদের চূড়ান্ত ফলে বিভিন্ন বিভাগের সেরা ১০ জনের তালিকায় উঠে এসেছে সাত বাংলাদেশির নাম। সোমবার (৬ জুলাই) অনুষদের অফিসিয়াল ফেসবুক পেজে চার বছরের গড় নম্বরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
আকিদা ও দর্শন বিভাগে (শুবাতুল আকিদা ওয়াল ফালসাফা) শীর্ষে রয়েছেন মাহবুবুল আলম, তাঁর চার বছরের গড় নম্বর ৯৪ দশমিক ০৮। এ বিভাগে দ্বিতীয় হয়েছেন মাহফুজুর রহমান (৯৩ দশমিক ৪৩), আর সপ্তম স্থানে মুহা. রেজাউল করীম (৯১ দশমিক ০৭)।
তাফসির বিভাগে ৯৫ দশমিক ০৩ গড় নম্বর নিয়ে তৃতীয় হয়েছেন মাসুম বিল্লাহ গুলজার। ইয়াকুব বিন ইসহাক এ বিভাগে ৯২ দশমিক ২৯ পেয়ে ষষ্ঠ এবং আতিকুল ইসলাম ৯০ পেয়ে দশম স্থানে রয়েছেন। হাদিস বিভাগ থেকে ৯০ দশমিক ০৬ গড় নম্বর নিয়ে সেরা দশে জায়গা পেয়েছেন জুবায়ের আহমদ।
বিশ্বের প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি আল-আজহার ইসলামি শিক্ষা ও গবেষণার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। সংশ্লিষ্টরা বলছেন, সেখানে সেরা দশে সাত বাংলাদেশির স্থান পাওয়া তাঁদের ব্যক্তিগত মেধা ও পরিশ্রমের স্বীকৃতি, পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি শিক্ষার্থীদের সক্ষমতারও প্রমাণ।






