প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর থাইল্যান্ডে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে দুই দেশ। শুক্রবার (২৪ জুলাই) ব্যাংককে থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বিজাবাত ইসারাভাকদির সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতির ফাঁকে বৈঠকটি করেন হুমায়ুন কবির। এতে দুই পক্ষ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করা এবং পারস্পরিক স্বার্থের নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে কথা হয় বৈঠকে।

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে থাইল্যান্ডের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান হুমায়ুন কবির; জবাবে থাই উপপররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে গঠনমূলক সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। দক্ষিণ-পূর্ব এশীয় এই জোটের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গভীর করা এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এ মর্যাদা পেতে কাজ করছে বাংলাদেশ।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হুমায়ুন কবির।