প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের চলাফেরা ও আচরণ নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তিতে কিছু করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরা হয়, যার বড় অংশ অনলাইন আচরণ নিয়ে।
করণীয়ের মধ্যে আছে কর্মরত দেশের আইন ও বিধিবিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সেখানকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার কথা। সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ও ইতিবাচক যোগাযোগের জন্য ব্যবহার, কিছু শেয়ারের আগে সত্যতা যাচাই এবং কর্মস্থলসংক্রান্ত তথ্য বা ছবি দেওয়ার আগে প্রতিষ্ঠানের নীতি মানতে বলা হয়েছে। অজানা লিংক, ফাইল, বার্তা ও অপরিচিত ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকতে এবং স্ক্যাম ও ফিশিং থেকে সাবধান থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে।
বর্জনীয় তালিকায় আছে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনসংশ্লিষ্ট কোনো কিছু শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার; গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো এবং ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন ভাঙতে পারে এমন উসকানিমূলক পোস্ট। কর্মরত দেশে নিষিদ্ধ রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নিতেও বলা হয়েছে।
যাচাই না করে কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া; কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তাসংক্রান্ত জায়গার ছবি-ভিডিও না তোলা এবং পাসপোর্ট, ভিসা, পরিচয়পত্র বা ব্যাংকের তথ্যের মতো ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ না করার কথাও আছে বিজ্ঞপ্তিতে।
জাতিগত, ধর্মীয় বা বর্ণগত বিদ্বেষ ছড়াতে পারে এমন পোস্ট বা বিতর্কে না জড়াতে, অবৈধ ভিসা, ভুয়া চাকরির বিজ্ঞাপন, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সির প্রতারণা থেকে দূরে থাকতে এবং অপরাধ বা সহিংসতার পক্ষে কিছু পোস্ট না করতে সতর্ক করেছে মন্ত্রণালয়।






