কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের সংহতিপত্র হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। মঙ্গলবার (৩১ মার্চ) দোহায় সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে চিঠিটি তুলে দেন তিনি। আল মুরাইখি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সোমবার (৩০ মার্চ) দোহায় পৌঁছান হুমায়ূন কবির; এখান থেকে একই উদ্দেশ্যে আরও কয়েকটি উপসাগরীয় দেশে যাওয়ার কথা রয়েছে তার।
চিঠিতে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতিতে কাতারের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি সংহতি জানান প্রধানমন্ত্রী। কাতারে থাকা প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণে নেওয়া পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞতা জানান এবং যেকোনো প্রয়োজনে কাতারের পাশে থাকার অঙ্গীকার করেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে জরুরি চিকিৎসার জন্য লন্ডনে আনা-নেওয়ায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করায় আমিরের প্রতি গভীর কৃতজ্ঞতাও জানানো হয় চিঠিতে। বৈঠকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও মানবিক কূটনীতিতে কাতারের ভূমিকার প্রশংসা করেন উপদেষ্টা; দুই দেশের সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।
সফরে কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন হুমায়ূন কবির। সম্প্রতি এক সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় মন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি নিকটাত্মীয় হারানোয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান তিনি।
দোহার বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে কাতারপ্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিকও খতিয়ে দেখেন হুমায়ূন কবির।






