কাতারের আল শাহানিয়া এলাকায় রোববার (২১ জুন) এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। নিহত বাংলাদেশিরা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, কাদের আহমদ ও জুবায়ের আহমদ; সবার বাড়ি সিলেটের কানাইঘাটের গাছবাড়ি গ্রামে। অন্যজন ভারতীয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে একটি পিকআপ ভ্যানে চড়ে তারা কাজে যাচ্ছিলেন। পথে শাহানিয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক; দুর্ঘটনায় ছয় আরোহীই ঘটনাস্থলে মারা যান। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধারের পর মরদেহগুলো রাখা হয়েছে কাতারের একটি হাসপাতালের মর্গে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে; আইনি প্রক্রিয়া শেষে পাঁচজনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর চেষ্টা চলছে। নিহতদের এলাকায় শোক নেমেছে।






