কাতারের শাহানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ যুবকের মরদেহ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। মরদেহবাহী বিশেষ ফ্লাইটটি সোমবার (২৯ জুন) স্থানীয় সময় রাতে কাতার ছেড়েছে।

নিহত পাঁচজন হলেন ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন (বাবা মৃত আব্দুন নূর), মাঝতালুকের জসিম উদ্দিন (বাবা সিরাজ উদ্দিন), আগতালুকের মস্তাক আহমদ (বাবা সেলিম আহমদ) ও একই গ্রামের জুবায়ের আহমদ (বাবা মৃত মড়া মিয়া) এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের কাদের আহমদ (বাবা বাহার উদ্দিন)।

ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর জানান, সব ঠিক থাকলে মঙ্গলবার যোহরের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে পাঁচজনের সম্মিলিত জানাজা শেষে যার যার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন হবে। জানাজায় মুফতি মাওলানা আবুল হাসান, সিলেট-৫ আসনের সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের থাকার কথা রয়েছে।

গত ২১ জুন শাহানিয়া এলাকার ওই দুর্ঘটনায় ছয়জন নিহত হন, তাঁদের পাঁচজনই কানাইঘাটের। এ ঘটনায় পুরো উপজেলায় শোক নেমেছে।