এক ইসলামি আলোচনা অনুষ্ঠানে এক ব্যক্তি শায়খ আহমাদুল্লাহকে প্রশ্ন করেন, আমরা জানি, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন মুনকার ও নাকির নামের দুই ফেরেশতা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু যারা প্রবাসে মৃত্যুবরণ করেন, তাঁদের মরদেহ কবর দিতে কখনো কখনো কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়। সেক্ষেত্রে তাঁদের ওই সওয়াল-জওয়াব কখন এবং কীভাবে নেওয়া হয়?
উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘কবরের সওয়াল-জওয়াব অদৃশ্যের বা ‘আলামুল গায়েব’-এর যেসব বিষয় রয়েছে, তার মধ্যে পড়ে। অদৃশ্যের জগত বলতে মানুষের চোখের আড়ালের জগত বোঝায়। যেমন আমরা মহাশূন্যের কথা জানি; যদিও মহাশূন্য এখন আর মানুষের দৃষ্টির আড়ালে নেই, মানুষ সেই জগত সম্পর্কে জানে বা ইলম হাসিল করেছে। যতদিন জানত না, ততদিন পর্যন্ত সেটি মানুষের কাছে বাহ্যিক ও আক্ষরিক অর্থে অদৃশ্যের জগত ছিল।’
শায়খ আরও বলেন, ‘ঈমানের অধ্যায়ে অদৃশ্যের জগত বলতে বোঝানো হয় সেই জগতকে, যা সম্পর্কে মানুষের জানা সম্ভব নয়; যার ইলম শুধুই আল্লাহ তাআলার কাছে। যেমন জান্নাত, জাহান্নাম, আখেরাত, পুলসিরাত, কেয়ামত, হাশর, মিজান, কবরের আজাব বা কবরের শান্তি ও নেয়ামত—এসব কিছু অদৃশ্যের জগতের বিষয়, যা মানুষের পক্ষে দৃশ্যমান করা সম্ভব নয়।’
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘এই জগতের বিষয়গুলোর কাইফিয়ত বা ধরন কী হবে, তা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ঈমানদার ব্যক্তি তা পরিপূর্ণভাবে ন্যস্ত করবেন আল্লাহর ওপর।’
প্রযুক্তি ও অদৃশ্যের তুলনা
বোঝার জন্য তিনি বলেন, ‘মহাশূন্য সম্পর্কে যতদিন মানুষ জানত না বা আবিষ্কার করতে পারেনি, তখন কেউ যদি বলত, মহাশূন্যে মানুষ ভেসে থাকে, পড়ে না, মধ্যাকর্ষণ নেই, মানুষ কি তা বিশ্বাস করত? মানুষ বলত, গল্প দেয়, পাগল নাকি! যে ওই জগত সম্পর্কে জানে না, তার কাছে তা গল্পের মতো এবং ভুয়া ও বোগাস কথা মনে হবে।’
‘মনে করুন, বিদ্যুৎ আবিষ্কারের আগে কাউকে যদি বলা হতো, সুইচ টিপলে তিন পাখওয়ালা ফ্যান ঘুরবে, আবার সুইচ টিপলে ফ্যান বন্ধ হয়ে যাবে, সব লাইট জ্বলে উঠবে বা সব লাইট বন্ধ হয়ে যাবে, তাহলে বিদ্যুৎ আবিষ্কারের আগের মানুষ কী বলত? বলত, বড় ধরনের চাপাবাজ। এই প্রযুক্তি যতদিন মানুষ আবিষ্কার করেনি, ততদিন তা মানুষের কাছে হাস্যকর মনে হয়েছে’, বলেন শায়খ আহমাদুল্লাহ।
কোরআনের শিফা ও রুকিয়া
তিনি বলেন, ‘কোরআনের আয়াত তেলাওয়াত করে ফুঁ দিলে তা শিফার কাজ দেয়। আল্লাহ বলেছেন, এই কোরআনে তিনি আয়াত নাজিল করেছেন এবং এই আয়াতগুলো মানুষের জন্য শিফা; মানুষের চিকিৎসার উপায় এর মধ্যে নিহিত আছে। আমরা চিকিৎসার একটি প্রোটোকল জানি এবং মনে করি এটাই চূড়ান্ত। কিন্তু চিকিৎসার আরও বহু পথ আছে; রুকিয়া চিকিৎসার একটি পথ, যা আমরা জানি না।’
‘এখন আমরা ট্যাবলেট খাই আর জ্বর ১৫-২০ মিনিটের মধ্যে ভালো হয়ে যায়, মেডিকেল সায়েন্সের এই অগ্রগতি যখন পৃথিবীতে আবিষ্কার হয়নি, তখন মানুষকে যদি বলা হতো সাদা জিনিসটা পানি দিয়ে খাও, ১০ মিনিটে জ্বর সেরে যাবে, মানুষ কি বিশ্বাস করত? বলত গল্প’, যোগ করেন তিনি।
ভয়েস কমান্ডের যুগ ও কোরআনের ফুঁক
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘এখন ভয়েস কমান্ডের যুগ এসেছে। মানুষ মুখে কিছু বললে যেমন ‘হেই সিরি, কল অমুক’ বা ‘হেই গুগল, আমাকে এই লোকেশন দাও’ বললে সঙ্গে সঙ্গে দূরে থাকা যন্ত্র কথা শুনছে এবং কাজও করছে। ভয়েস কমান্ডে যখন এত কিছু করা সম্ভব, তাহলে কোরআনের আয়াত পড়ে ফুঁ দিলে রোগ ভালো হলে সমস্যা কী! মানুষ যখন কোনো প্রযুক্তি না বোঝে, তখন তার কাছে তা হাস্যকর মনে হয়।’
তিনি বলেন, ‘আমাদের যেসব নাস্তিক বন্ধু বা অবিশ্বাসী মানুষ আছেন, তারা ‘আলামুল গায়েব’ সম্পর্কে না জানার কারণে মনে করেন এগুলো গল্প। মানুষের স্বভাব এমনই—মানুষ যে সম্পর্কে জানে না, সে সম্পর্কে শত্রুর মতো আচরণ করে ও বিরোধিতা করে। এ কারণেই কবরের আজাব ও কবরের নেয়ামতের বিষয়টি নিয়ে অনেকে সংশয়ে থাকে।’
বরজখ জীবন ও মুনকার-নাকিরের জিজ্ঞাসাবাদ
শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, ‘নেককারদের জন্য বরজখি জীবনে নেয়ামত এবং বদকারদের জন্য শাস্তির বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে সুপ্রমাণিত। আল্লাহ বলেছেন, মানুষের মৃত্যুর পর কেয়ামতের পুনরুত্থানের আগ পর্যন্ত যে জগত রয়েছে, তাকে বলা হয়েছে ‘বরজখ’—যার অর্থ আড়াল বা আবডাল।’
‘এই বরজখ জীবনে কেউ কবরে থাকতে পারে, কেউ মৃত্যুর পর ফ্রিজে থাকতে পারে, কেউ বাঘের পেটে খাদ্য হয়ে যেতে পারে, কেউ আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে, কেউ পানিতে ডুবে পচে-গলে মাছের পেটে চলে যেতে পারে। যার দেহ বা ধ্বংসাবশেষ যেখানেই যাক না কেন, সেখানে সে অবস্থায়ই তার বরজখে বা মৃত্যু-পরবর্তী জগতে সে প্রবেশ করে গেছে। সেখানে আল্লাহ তাআলা নেককার হলে নেয়ামতের ব্যবস্থা করবেন এবং বদকার হলে শাস্তির ব্যবস্থা করবেন’, বলেন তিনি।
ফ্রিজে রাখা লাশের ওপর জিজ্ঞাসাবাদ
এক প্রশ্নের জবাবে শায়খ বলেন, ‘আপনি বলবেন, বুঝলাম কবরে দিলে মাটির নিচ দিয়ে ফেরেশতারা এসে কিছু একটা করবেন; কিন্তু ফ্রিজে লাশ রেখে দিলে সেখানে কী করবেন? ওই যে প্রযুক্তির কথা একটু আগে বললাম—আপনার যেহেতু ওই বিষয়ে জ্ঞান নেই, তাই আপনি বুঝতে পারছেন না কীভাবে হবে।’
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘বিভিন্ন বর্ণনার আলোকে বোঝা যায়, মানুষ মারা যাওয়ার পর কবরস্থ হোক বা না হোক, যে অবস্থাতেই থাকুক, তার দেহ বা ধ্বংসাবশেষের মধ্যে এমন পরিমাণ বিশেষ রুহ দেওয়া হয়, যাতে সে নেয়ামত বা আজাব ভোগ করতে পারে। বাইরে থেকে দেখে কেউ বোঝার ক্ষমতা রাখে না। গায়েবের বিষয়টি আল্লাহর ওপর ন্যস্ত করাই শ্রেয়। আমরা কোরআন-হাদিস থেকে যতটুকু জানিয়েছে ততটুকু জানি, এর বাইরে যাই না।’
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘অতএব, কোনো মানুষের মৃত্যুর পর তার লাশ যদি ফ্রিজে রেখে দেওয়া হয়—দুই মাস, চার মাস, ছয় মাস, আট মাস, এমনকি সারা জীবন মাটির ওপরে পড়ে থাকুক, কবরস্থ না-ও হোক—এমনকি কাউকে বাঘে খেয়ে ফেললে তার শরীর বাঘের শরীরের অংশ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ধ্বংসাবশেষের মধ্যেই মুনকার-নাকিরের সওয়াল-জওয়াব, জান্নাতি হলে নেয়ামতের ব্যবস্থা এবং জাহান্নামি হলে আজাবের ব্যবস্থা করবেন। কীভাবে, কী পদ্ধতিতে তা আমরা জানি না। আল্লাহ তাআলা ভালো জানেন।’
আল্লাহর অসীমত্ব ও বিশ্বাস
শেষ দিকে তিনি আল্লামা ইকবালের একটি উক্তি উল্লেখ করে বলেন, ‘যে খোদাকে আমরা বুঝে ফেলছি, সে আবার খোদা হলো কী! আল্লাহ মানেই তো সেই মহান সত্তা, যাঁকে আমাদের বিবেক-বুদ্ধি দিয়ে পরিপূর্ণভাবে বুঝে রপ্ত করতে পারব না। যাকে আমার মস্তিষ্কে ক্যাপচার করে ফেলতে পারছি, তিনি কীভাবে অসীম আল্লাহ? আল্লাহ অসীম হওয়ার মানেই হলো আল্লাহর অনেক কিছু আমার বুঝে আসবে না।’
‘যেমন বিজ্ঞানের ছাত্র না হলে বিজ্ঞানের অনেক কিছু তার বুঝে আসে না; মহাশূন্যে কীভাবে মানুষ ভেসে থাকে, কীভাবে স্পেস স্টেশন ঘুরে বেড়ায় ও ভাসমান থাকে, যাদের এ বিষয়ে পড়াশোনা নেই, তারা তা জানেন না। ঠিক একইভাবে অদৃশ্য জগতের বিষয়গুলো পুরো সৃষ্টিজগতের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে। যতটুকু আমাদের জানিয়েছেন ততটুকু আমরা জানি; যা জানাননি তা আমরা আল্লাহর ওপর ন্যস্ত করব’, বলেন শায়খ আহমাদুল্লাহ।
তথ্যসূত্র: শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওএফএফ
Source: জাগো নিউজ২৪






