ইসলাম দাসপ্রথা বিলোপের লক্ষ্যে দাসমুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। একদিকে যেমন মালিকদের দাসমুক্ত করতে উৎসাহিত করা হয়েছে, অন্যদিকে দাসদেরও চুক্তির মাধ্যমে নিজেদের মুক্তির পথ তৈরি করার সুযোগ দেওয়া হয়েছে। মুক্তির পর তারা যেন নিজেদের অধিকার ফিরে পায়, সে ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যে একটি হলো, মুক্তিপ্রাপ্ত নারী আগের স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রাখবেন কি না—তা বেছে নেওয়ার অধিকার। হজরত বারিরার (রা.) ঘটনা এ অধিকারের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তিনি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যে ‘এখতিয়ার’ পেয়েছিলেন এবং সেই অধিকার প্রয়োগে দৃঢ় ছিলেন। এমনকি আল্লাহর রাসুল (সা.) তার স্বামীর পক্ষে সুপারিশ করার পরও তিনি নিজের সিদ্ধান্ত বদলাননি।
বারিরা ছিলেন উম্মুল মুমিনিন আয়েশার (রা.) সেবিকা। তিনি ও তার স্বামী মুগিস দুজনেই ছিলেন দাস ও দাসী। ঘটনাক্রমে বারিরা দাসত্ব থেকে মুক্তি লাভ করেন। এরপর তাকে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয় যে, তিনি চাইলে স্বামীর সঙ্গে সংসার করবেন, না চাইলে করবেন না। বারিরা সংসার না করার সিদ্ধান্ত বেছে নেন। কিন্তু মুগিস এই বিচ্ছেদ মেনে নিতে পারছিলেন না। তিনি বারিরাকে পাগলের মতো ভালোবাসতেন। বারিরা যেন তাকে আবার স্বামী হিসেবে গ্রহণ করে, এর জন্য কাকুতি মিনতি করতে থাকেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) যখন তাদের এই ঘটনা বর্ণনা করেন, তিনি বলেন, ‘আমি যেন এখনও দেখতে পাচ্ছি, মুগিস বারিরার পেছনে পেছনে ঘুরছেন আর কাঁদছেন। তার চোখের পানি দাড়ি বেয়ে পড়ছে।’
মুগিসের এই অবস্থা আল্লাহর রাসুলেরও (সা.) নজর এড়ায়নি। তিনি তার চাচা আব্বাসকে (রা.) বললেন, ‘আপনি কি বারিরার প্রতি মুগিসের ভালোবাসা এবং মুগিসের প্রতি বারিরার অনাগ্রহ দেখে আশ্চর্য হচ্ছেন না?’ এরপর আল্লাহর রাসুল (সা.) বারিরাকে বললেন, ‘তুমি যদি তাকে আবার স্বামী হিসেবে গ্রহণ করতে!’ বারিরা সঙ্গে সঙ্গে জানতে চাইলেন, ‘এটা কি আপনার নির্দেশ, হে আল্লাহর রাসুল?’ তিনি বললেন, ‘না। বরং এটা আমার সুপারিশ।’ আরেক বর্ণনায় আছে, বারিরা জিজ্ঞাসা করেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, এটি কি আমার ওপর বাধ্যতামূলক কোনো বিষয়?’ তিনি উত্তর দিয়েছিলেন, ‘না।’ তখন বারিরা বললেন, ‘তাকে আমার কোনো দরকার নেই।’ (সহিহ বুখারি: ৫২৮৩) অন্য একটি বর্ণনা এসেছে, ‘সে যদি আমাকে এত এত সম্পদও দিত, তবু আমি তার কাছে থাকতাম না।’ (ফাতহুল বারি: ৯/৪০৯)
বারিরার ঘটনার শিক্ষণীয় দিক
হজরত বারিরার (রা.) এই ঘটনা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে নারীর সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার পাশাপাশি আরও তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।
১. আদেশ ও সুপারিশের পার্থক্য বোঝা: বারিরা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও বিচক্ষণ নারী। তিনি আল্লাহর রাসুলের (সা.) আদেশ এবং ব্যক্তিগত সুপারিশের মধ্যকার পার্থক্য বুঝতেন। তাই মুগিসের সঙ্গে আবার সংসার করার অনুরোধ শুনে তিনি প্রথমেই এই বিষয়ে স্পষ্ট হতে চেয়েছিলেন। কারণ তিনি জানতেন, নির্দেশ হলে তা পালন করা কর্তব্য, আর সুপারিশ হলে তা গ্রহণ করা বা না করার এখতিয়ার তার রয়েছে। এই প্রশ্নের মধ্য দিয়ে তার সচেতনতার পরিচয় পাওয়া যায়। বোঝা যায়, সদ্য দাসত্ব থেকে মুক্তি পেলেও তিনি মনস্তাত্ত্বিকভাবে পরাধীন ছিলেন না, বরং তার মাঝে ‘এখতিয়ার’ গ্রহণের বোধ ছিল। এখান থেকে এটিও বোঝা যায়, কোনো বিষয়ে বাধ্যতামূলক নির্দেশ না থাকলে পরামর্শদাতার পরামর্শ গ্রহণ না করার সুযোগ রয়েছে। পরামর্শদাতা যত মর্যাদাবান ব্যক্তিই হোন না কেন, তার পরামর্শ গ্রহণ না করার কারণে কাউকে তিরস্কার করা বা তার প্রতি অসন্তুষ্ট হওয়া উচিত নয়। একইভাবে, কোনো ক্ষতি বা সমস্যা না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি সহানুভূতি দেখিয়ে সুপারিশ করাও বৈধ।
২. সম্মান রেখে ভিন্নমত পোষণ করা: বারিরার উত্তর ছিল খুবই কৌশলী। তিনি সরাসরি না বলেননি। বলেছেন, ‘তাকে আমার কোনো দরকার নেই।’ অর্থাৎ, তিনি বিষয়টিকে আল্লাহর রাসুলের (সা.) সুপারিশ প্রত্যাখ্যানের জায়গায় নিয়ে যাননি; বরং অনাগ্রহের মূল কারণ হিসেবে মুগিসকে উল্লেখ করে নিজের অবস্থান জানিয়েছেন। এতে নিজের অধিকার সম্পর্কে সচেতনতার পাশাপাশি আল্লাহর রাসুলের (সা.) প্রতি তার শ্রদ্ধাবোধও অটুট রয়েছে। উত্তরের এই ধরন আমাদের শেখায়, নিজের অধিকার প্রয়োগ ও সিদ্ধান্তে অটল থাকার পাশাপাশি অন্যের প্রতি সম্মান ও শিষ্টাচার বজায় রাখা সম্ভব।
৩. অতিরিক্ত আবেগী না হওয়া: হাদিসে মুগিসের গভীর ভালোবাসার কথা এসেছে। তার কান্না ও বারিরার পেছনে ঘুরে বেড়ানোর দৃশ্য আল্লাহর রাসুলকেও (সা.) বিস্মিত করেছিল। তবে এ ঘটনা থেকে স্বামী-স্ত্রীর সম্পর্কের সব দিক বোঝা সম্ভব নয়। মুগিসের আবেগতাাড়িত কাণ্ডকীর্তির বিপরীতে বারিরা ছিলেন নিজের সিদ্ধান্তে স্থির ও ধীর। এমনও হতে পারে, মুগিসের এই অতিরিক্ত আবেগী আচরণই তার প্রতি বিতৃষ্ণ হওয়ার কারণ। তিনি হয়তো এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করছিলেন, যিনি চিন্তাভাবনায় হবেন বাস্তবধর্মী। মুগিস যদি এভাবে কেঁদেকুটে তার পেছনে না ঘুরে নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করতেন, অর্থাৎ দাসত্ব থেকে মুক্ত হওয়ার উদ্যোগ নিতেন, তাহলে সেটি হয়তো বারিরাকে আকৃষ্ট করত। তবে এগুলো ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা; হাদিসে বারিরার সিদ্ধান্তের পেছনে এসব কারণ সরাসরি উল্লেখ করা হয়নি।
Source: জাগো নিউজ২৪






