লজ্জাশীলতা মানুষের একটি প্রশংসনীয় গুণ। বিশেষ করে নারী-পুরুষের সংবেদনশীল বিষয়গুলোতে শালীনতা ও সংযম বজায় রাখা জরুরি। আল্লাহর রাসুল (সা.) নিজেও এ ধরনের বিষয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রে লজ্জাশীলতা ও মার্জিত ভাষার পরিচয় দিয়েছেন। তবে কোনো বিষয়ে অজ্ঞতা দূর করার প্রয়োজন হলে সংকোচের কারণে প্রশ্ন করা থেকে বিরত থাকা উচিত নয়। কারণ, দ্বীনের বিধিবিধান যথাযথভাবে পালন করতে হলে সেগুলো সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন।
অনেক সময় এমন কিছু বিষয় থাকে, যা মানুষ স্বাভাবিক সংকোচের কারণে অন্যের কাছে জানতে চায় না। অথচ সে বিষয়ে না জানার কারণে ইবাদত ও পবিত্রতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল থেকে যেতে পারে। তাই শালীনতা বজায় রেখেই প্রয়োজনীয় জ্ঞান অর্জনের চেষ্টা করা প্রত্যেকের জন্য আবশ্যক। এক্ষেত্রে একজন নারী সাহাবির ঘটনা অনুসরণীয় হতে পারে।
তিনি হলেন আসমা বিনতে শাকাল (রা.)। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, একবার আসমা বিনতে শাকাল (রা.) আল্লাহর রাসুলের (সা.) কাছে ঋতুস্রাবের পর গোসল করার নিয়ম জানতে চাইলেন। আল্লাহর রাসুল (সা.) তাকে গোসলের পদ্ধতি শিখিয়ে দিলেন। তিনি বললেন, ‘নারীরা পানি ও বরই পাতা নেবে। এরপর ভালোভাবে পবিত্রতা অর্জন করবে। তারপর মাথায় পানি ঢালবে এবং ভালোভাবে ঘষবে, যাতে পানি মাথার গোড়ায় পৌঁছে যায়। এরপর সারা শরীরে পানি ঢালবে। তারপর মেশকের সুগন্ধি মাখানো এক টুকরা তুলা বা কাপড় নিয়ে তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।’
আসমা (রা.) জিজ্ঞেস করলেন, ‘আমি কীভাবে তা দিয়ে পবিত্রতা অর্জন করব?’ তিনি বললেন, ‘সুবহানাল্লাহ! তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।’ তখন আয়েশা (রা.) তাকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য ইশারা করে বললেন, ‘রক্তের চিহ্ন দেখে তা দিয়ে পরিষ্কার করবে।’
এরপর আসমা (রা.) আল্লাহর রাসুলকে (সা.) সহবাসের পরের গোসল সম্পর্কেও জিজ্ঞেস করলেন। তিনি বললেন, ‘পানি নিয়ে ভালোভাবে পবিত্রতা অর্জন করবে। এরপর মাথায় পানি ঢালবে এবং ঘষবে, যাতে পানি মাথার গোড়ায় পৌঁছে যায়। তারপর সারা শরীরে পানি ঢেলে দেবে।’
এ ঘটনা বর্ণনা করে আয়েশা (রা.) বলেন, ‘এটা আনসারি নারীদের উত্তম বৈশিষ্ট্য যে লজ্জাশীলতা তাদের দ্বীনের গভীর জ্ঞান অর্জনে বাধা হয়ে দাঁড়ায়নি।’ (সহিহ মুসলিম: ৩৩২)
এ ঘটনা থেকে সংবেদনশীল বিষয় আলোচনার ক্ষেত্রে শালীনতা ও লজ্জাশীলতা বজায় রাখার শিক্ষা পাওয়া যায়। দ্বীনের বিধান শেখানোর সময়ও ভাষা ও উপস্থাপনায় মার্জিত হওয়া জরুরি। আল্লাহর রাসুলের (সা.) এ ধরনের বিষয় অত্যন্ত সংযতভাবে শিক্ষা দিয়েছেন। একই সঙ্গে হাদিসটি প্রমাণ করে, লজ্জাশীলতা যেন প্রয়োজনীয় জ্ঞান অর্জনের পথে বাধা না হয়। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তা জেনে নেওয়া এবং অন্যকে শেখানো—দুটিই দ্বীনি দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ অংশ।
এখানে হজরত আয়েশার (রা.) ভূমিকা থেকেও একটি শিক্ষা পাওয়া যায়। তিনি আসমার (রা.) অস্পষ্টতা বুঝতে পেরে তাকে সহজভাবে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। এতে বোঝা যায়, জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞান যথাযথ ভাষায় অন্যের কাছে পৌঁছে দেওয়ার দক্ষতাও গুরুত্বপূর্ণ। বিশেষত নারীদের দ্বীনি শিক্ষা বিস্তারে জ্ঞানী ও বিচক্ষণ নারীরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
তথ্যসূত্র: জাগো নিউজ ধর্ম
Source: জাগো নিউজ২৪






