ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রাণীদের প্রতি গভীর মমতা ও দয়ার এক অনন্য ঘটনা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নবীজি (সা.) ছিলেন ‘রাহমাতাল্লিল আলামিন’ বা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ।
মিজানুর রহমান আজহারী বলেন, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ‘ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন’—অর্থাৎ ‘আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি।’ তিনি উল্লেখ করেন, এই রহমত শুধু মানুষের জন্য নয়; বরং জিনদের জন্যও এবং প্রাণিকুলের জন্যও তিনি রহমত হয়ে পৃথিবীতে এসেছিলেন। মানুষের প্রতি যেমন দয়া দেখিয়েছেন, প্রাণীদের প্রতিও তেমনই দয়া প্রদর্শন করেছেন।
একবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় একটি খেজুর বাগানে প্রবেশ করেন। সেখানে তিনি দেখতে পান, দূর থেকে একটি উট কাঁদতে কাঁদতে তাঁর দিকে ছুটে আসছে। উটটি কাছে এলে নবীজি (সা.) স্নেহভরে তাঁর পবিত্র হাত দিয়ে উটের মাথায় আদর করতে শুরু করেন। প্রিয় নবীজির মমতামাখা স্পর্শে উটের কান্না থেমে যায়।
মিজানুর রহমান আজহারী বলেন, এরপর উটটি রাসুলের (সা.) কানে কিছু বলতে থাকে, যা অন্যরা বুঝতে পারেননি। উটের কথা শুনে নবীজি (সা.) তার মালিককে খুঁজতে শুরু করেন। তখন এক আনসারি যুবক সাহাবি এগিয়ে আসেন। রাসুল (সা.) তাকে বলেন, ‘তোমার এই উট আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে। তুমি একে ক্ষুধার্ত রাখো, কিন্তু একে দিয়ে অনেক কাজ করাও। তুমি কি এই বোবা, নিরীহ প্রাণীটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? কেয়ামতের দিন এটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। খবরদার, এই নিরীহ প্রাণীটির ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো।’
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান আজহারী সবাইকে সতর্ক করে বলেন, নবীজির (সা.) এই সতর্কবার্তা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। পোষা প্রাণী হোক বা রাস্তার কুকুর-বেড়াল, সব প্রাণীর সঙ্গে আমাদের ভালো আচরণ করতে হবে। কোনো প্রাণীর প্রতি কখনো রূঢ় ও কঠোর আচরণ করা যাবে না। তাদের প্রতি সদয় ও রহমদিল হতে হবে।
তথ্যসূত্র: জাগো নিউজ ধর্ম
Source: জাগো নিউজ২৪






