ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারী রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উদার মানসিকতা ও পরামর্শ গ্রহণের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, নবীজি (সা.) ছিলেন অত্যন্ত সহজলভ্য। ছোট-বড়, নারী-পুরুষ, বন্ধু-শত্রু সবাই তাঁর কাছে স্বাচ্ছন্দ্যে আসতে পারত এবং প্রশ্ন করতে পারত। তিনি সবাইকে সাদরে গ্রহণ করতেন।

আজহারী ‘আস-সিরাতুল হালাবিয়া’ গ্রন্থ থেকে বদর যুদ্ধের একটি ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, বদরের প্রান্তরে রাসুল (সা.) সেনাশিবির স্থাপন করলে সাহাবি হুবাব ইবনুল মুনজির (রা.) তাঁকে প্রশ্ন করেন, ‘ইয়া রাসুলুল্লাহ, এই সেনাশিবির কি আপনার নিজের মতামতে স্থাপন করলেন, নাকি আল্লাহর আদেশে?’ রাসুল (সা.) উত্তরে বলেন, ‘এটি ওহি নয়, বরং আমার মতামত ও যুদ্ধকৌশল।’ তখন হুবাব ইবনুল মুনজির (রা.) বলেন, সঠিক জায়গায় শিবির স্থাপন হয়নি; তিনি অভয় দিলে সঠিক স্থান বলে দিতে পারেন। রাসুল (সা.) বলেন, ‘তাই? আমি যা করেছি সেটা ঠিক হয়নি? তাহলে কোনটা ঠিক, বলো।’ হুবাব ইবনুল মুনজির (রা.) পরামর্শ দেন, বদরের যে কূপে পানি আছে, তার সামনে প্রতিবন্ধকতা তৈরি করে শিবির স্থাপন করতে হবে, যাতে মুসলিমরা পানি পায় এবং কাফেররা পানি ও যুদ্ধ—উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়। রাসুল (সা.) তাৎক্ষণিকভাবে বলেন, ‘তাই তো! তুমি ঠিক বলেছ। এভাবে আমি ভেবে দেখিনি।’ এরপর তিনি সেনাশিবির সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

আজহারী বলেন, আমরা অনেক সময় অধীনস্থদের কথা শুনতে চাই না, কিন্তু তাদের থেকেও দারুণ ধারণা আসতে পারে। রাসুলুল্লাহ (সা.) এটিকে উপেক্ষা না করে গ্রহণ করেছিলেন।

খন্দক যুদ্ধের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পরিখা খননের পরামর্শ দিয়েছিলেন সালমান আল-ফারসি (রা.), যিনি ইরান তথা পারস্যের মানুষ ছিলেন। সালমান (রা.) পরামর্শ দেন যে, মুশরিকদের ঠেকাতে পরিখা খনন একটি ভালো কৌশল হতে পারে। নবীজি (সা.) তা গ্রহণ করে ৫.৫ কিলোমিটার দীর্ঘ, ৪.৫ মিটার প্রশস্ত ও ৩.৫ মিটার গভীর পরিখা খননের সিদ্ধান্ত নেন। পুরো মদিনার সবাই মিলে এটি খনন করেন।

আজহারী বলেন, এর শিক্ষা হলো ‘আমি সব বুঝি, আমি সব জানি’—এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দলের ভেতর থেকে ভালো মতামত এলে তা পুনর্বিবেচনা করা উচিত। রাসুলুল্লাহ (সা.) ছিলেন এমন উদার মানসিকতার মানুষ।

সূত্র: মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল ফেসবুক পেজ ওএফএফ।

Source: জাগো নিউজ২৪