সৌদি আরবে নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কিছুই জানতে পারেনি। দণ্ড কার্যকরের পরও সৌদি কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দেওয়া জেদ্দা কনস্যুলেটের এক চিঠিতে এসব কথা বলা হয়েছে।
চিঠিটি গত ১৮ অক্টোবর পাঠায় কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইং। এতে বলা হয়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে গত ১৪ অক্টোবর দেশটির কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে কনস্যুলেট দুজনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানতে পারে।
ওই খবরে বলা হয়, মক্কা অঞ্চলে নজরুল ও সুইটির দণ্ড কার্যকর করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে তাঁরা অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা ভঙ্গ করেছিলেন। তবে দণ্ডিত দুজনের বিস্তারিত তথ্য সৌদি কর্তৃপক্ষ সরবরাহ করেনি বলে কনস্যুলেট জানিয়েছে।
চিঠির তথ্যমতে, দেশটির পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে নানা অপরাধে আটক বাংলাদেশিদের তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল জেদ্দা কনস্যুলেট। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর পাওয়া তালিকায় নজরুল ও সুইটির নাম থাকলেও তাঁদের কী সাজা হয়েছে, তা উল্লেখ ছিল না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুজনই আল মাজাল নামের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। তালিকা বলছে, তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধের অভিযোগে ২০২৩ সালের ১ আগস্ট নজরুল ইসলামকে আটক করা হয় এবং পরদিন ব্যভিচারের অভিযোগে আটক হন সুইটি আক্তার। নজরুলকে রাখা হয় জেদ্দা সংশোধনাগারে, সুইটিকে জেদ্দা নারী কারাগারে।
কনস্যুলেট চিঠিতে জানিয়েছে, তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধ বা ব্যভিচারের অভিযোগে সৌদি আরবে এর আগে কোনো বাংলাদেশির মৃত্যুদণ্ডের নজির নেই। তালিকা অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলের কারাগারে নৈতিকতাসংক্রান্ত নানা মামলায় ৩০৬ বাংলাদেশি আটক আছেন; তাঁদের ১৪৭ জনের এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছে।
কনস্যুলেট আরও জানায়, নজরুল ও সুইটির পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তা চেয়ে কোনো আবেদন আসেনি, পরিবারের সঙ্গে এ নিয়ে যোগাযোগও হয়নি; সৌদি কর্তৃপক্ষও রায় বা দণ্ড কার্যকরের কথা কনস্যুলেটকে জানায়নি। রায়ের কপি ও মামলার খুঁটিনাটি চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। কপি হাতে পেলে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে কনস্যুলেট।






