দালালের প্রলোভনে দক্ষিণ আফ্রিকায় গিয়ে কয়েক দিনের মাথায় মারা গেছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফাহাদ (১৮)। রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটিতে তাঁর মৃত্যু হয়।

পরিবার জানায়, ঢাকার দালাল ফারুকের সঙ্গে ৯ লাখ টাকার চুক্তিতে গত ৩০ জানুয়ারি বিকেল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইথিওপিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়েন ফাহাদ।

কয়েকটি দেশ ঘুরিয়ে তাঁকে দক্ষিণ আফ্রিকার সীমান্তের কাছে নামিয়ে দেওয়া হয়; হেঁটে সীমান্ত পেরিয়ে মসিনা শহরে পৌঁছালে ফারুক তাঁকে একটি ভাড়া বাসায় রাখেন। সেখানে পৌঁছানোর ২-৩ দিনের মধ্যেই ফাহাদ মারা যান।

দক্ষিণ আফ্রিকায় থাকা নোয়াখালীর বাসিন্দা মারুফ বলেন, রোববার আসরের নামাজের সময় পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবার জানিয়েছে, সেখানে থাকা ফাহাদের দুই মামা মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছেন।

ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে নুর মোহাম্মদ বলেন, ‘ভালো ভবিষ্যতের আশায় ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম।’ এখন ছেলের মরদেহ দেশে ফেরাতে হবে, এ কষ্ট মেনে নেওয়া কঠিন বলে জানান তিনি।

ঘটনায় এলাকায় দালালচক্রের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে; অবৈধ বিদেশযাত্রা নিয়ে সচেতনতা ও দালালদের কঠোর শাস্তি চেয়েছেন স্থানীয়রা।