ভারতে চলমান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। সোমবার ভারতের জলন্ধরে লিগ পর্বের শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ দল। এই ড্রয়ের মধ্য দিয়ে ২০২১ সালের পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট পাওয়ার পাশাপাশি টানা আট ম্যাচ হারের ধারাও থামল।
২০২১ সালে আয়োজক হিসেবে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেই আসরে লিগ পর্বের চার ম্যাচেই হেরেছিল স্বাগতিকরা। এবার পাকিস্তান নাম প্রত্যাহার করায় ভারতে চলমান আসরে খেলার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু সেখানেও প্রথম চার ম্যাচে ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় জিমি-আশরাফুলরা। এতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে যায়। দুই আসর মিলিয়ে টানা আট ম্যাচ হারের পর চীনের বিপক্ষে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ।
জলন্ধরের ম্যাচে দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে এগিয়ে দেন চেন বেনহাই। প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। অবশেষে ৩৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক আশরাফুল ইসলাম। তাঁর এই গোলেই চীনের বিপক্ষে ১-১ ড্র এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট নিশ্চিত হয়।
চীনের বিপক্ষে ড্রয়ের ফলে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও একই প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। আগামী ৪ নভেম্বর সেই ম্যাচ দিয়েই শেষ হবে চলমান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিযান।
Source: জাগো নিউজ২৪






