২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওই টুর্নামেন্ট যৌথভাবে আয়োজনে করবে বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বের ম্যাচ যে বাংলাদেশে হবে, তা এরই মধ্যে নিশ্চিত। তামিম বলেছেন, এই সিদ্ধান্ত আগের এবং এতে তাঁর কিংবা বর্তমান বোর্ডের কোনো অবদান নেই। তবু বাংলাদেশের জন্য বাড়তি কিছু অর্জনের চেষ্টা করে যাচ্ছেন তিনি।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘২০৩১ সালের বিশ্বকাপ বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে, এটি আগেই ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত অনেক আগের। এতে আমার কিংবা আমার বোর্ডের কোনো অবদান নেই। তবে একটি বিষয় নিয়ে আমি তাদের সঙ্গে আলোচনা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। আশা করি, সেটি করতে পারবো। সেটি হলো, অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়। এ ব্যাপারে আমি খুবই আশাবাদী।’

আইসিসির সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে আইসিসির সঙ্গে আলোচনায় আছি। সময়ের সঙ্গে যখন আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, তখন আমি নিশ্চিত যে ইতিবাচক কিছু দেখতে পাবো। আমাদের দেশে গ্রুপ পর্বের ম্যাচ তো অবশ্যই হবে। আগের তুলনায় ম্যাচের সংখ্যাও বেশি হবে বলে আশা করছি। তবে একটি সেমিফাইনাল আয়োজনের সুযোগ আদায় করতে পারলে সেটি আমাদের জন্য ভালো হবে। এ নিয়েও আইসিসির সঙ্গে আলোচনা চলছে।’

প্রসঙ্গত, ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সে বার দেশের মাটিতে গ্রুপ পর্বের ম্যাচ হলেও সেমিফাইনাল আয়োজনের সুযোগ পায়নি বাংলাদেশ। ২০৩১ সালে সেই সীমাবদ্ধতা পেরিয়ে আরও বড় ম্যাচ আয়োজনের লক্ষ্য নিয়েছেন বিসিবি সভাপতি।

উল্লেখ্য, ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ।

Source: জাগো নিউজ২৪