এশিয়া কাপের ঠিক আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তাবটি পেয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডই ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তামিম জানান, কয়েক দিন ধরে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তাঁদের কাছে এশিয়া কাপের আগে তিন দলের একটি সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমি একটা প্রস্তাব দিয়েছি শ্রীলঙ্কা ও পাকিস্তানকে যে, আমরা একটা ত্রিদেশীয় সিরিজ খেলতে পারি কি না। দুই বোর্ড থেকেই খুব ইতিবাচক সাড়া পেয়েছি। যেহেতু এখনো নিশ্চিত হয়নি, তাই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে এশিয়া কাপের ঠিক আগে যদি আমরা এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারি, তাহলে আমাদের ক্রিকেটের জন্যও ভালো হবে, দর্শকদের জন্যও আকর্ষণীয় হবে।’

প্রস্তাবটি বাস্তবায়িত হলে এশিয়া কাপের প্রস্তুতির পাশাপাশি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি হবে বলে মনে করেন বিসিবি সভাপতি।

সম্প্রতি পাকিস্তানে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের উদাহরণ টেনে তামিম বলেন, এ ধরনের টুর্নামেন্ট বেশি হলে ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ বাড়বে। তাঁর ভাষায়, ‘সম্প্রতি পাকিস্তানে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ হয়েছে। খেলাগুলো নিয়ে বেশ আগ্রহ ছিল। আমারও মনে হয়, ত্রিদেশীয় সিরিজের সংখ্যা বাড়লে দর্শকদের আগ্রহ বাড়বে।’

সিরিজের সম্ভাব্য সময় নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। পরিকল্পনা হলো এশিয়া কাপের ঠিক আগে টুর্নামেন্টটি আয়োজন করা, যাতে তিন দলই এখানে খেলে পরে এশিয়া কাপে যেতে পারে। তবে নির্দিষ্ট মাস বা সূচি এখনো চূড়ান্ত হয়নি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কাঠামোয়ও কাজ

শুধু জাতীয় দলের সূচি নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কাঠামো নিয়েও কাজ করছে বিসিবি। সংবাদ সম্মেলনে ফ্র্যাঞ্চাইজি মনিটরিং কমিটির কার্যক্রম এবং বিভিন্ন লিগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটের অনুমোদন ও নজরদারির বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ ক্ষেত্রে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চান না তামিম। সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা তাঁর।

তিনি বলেন, ‘এটি একেবারেই নতুন একটি বিষয় এবং আমরা সঠিকভাবে কাজটি করতে চাই। কমিটির চার-পাঁচজন বসে একটি সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটি সবার ওপর প্রভাব ফেলতে পারে। আমি এভাবে করতে চাই না। সংশ্লিষ্ট প্রত্যেক অংশীজনকে আলোচনায় যুক্ত করতে চাই। তাদের সঙ্গে আলোচনা করেই ঠিক করতে হবে কোনটি সঠিক, কোনটি নয়।’

ফ্র্যাঞ্চাইজি লিগ পরিচালনায় কিছু নিয়ম বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করেন বিসিবি সভাপতি। তবে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে এখনো আলোচনা চলছে এবং কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি বলেও জানান তিনি।

তামিমের ভাষায়, ‘কিছু বিষয় অবশ্যই বাস্তবায়ন করা উচিত, আবার কিছু বিষয় নিয়ে আরও আলোচনা প্রয়োজন। বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই কার্যকর করা হয়নি। আশা করি, মার্চের আইসিসি সভার পর আমরা এ বিষয়ে আরও ভালো অবস্থানে থাকব এবং একটি ফলাফল জানাতে পারবো।’

এফটিপি কর্মশালায় স্পষ্ট হবে সূচি

বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট সূচি নিয়েও আশাবাদী তামিম। ডিসেম্বরে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) নিয়ে কর্মশালার পর বিষয়গুলো আরও স্পষ্ট হবে বলে জানান তিনি। তাঁর প্রত্যাশা, সামনে আরও বেশি ত্রিদেশীয় সিরিজ এবং বড় দলগুলোর বিপক্ষে সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করা সম্ভব হবে।

তিনি বলেন, ‘ডিসেম্বরে আমাদের এফটিপি নিয়ে একটি কর্মশালা আছে। সেটি হয়ে গেলে আপনারা বিষয়গুলো পরিষ্কারভাবে জানতে পারবেন। আরও ত্রিদেশীয় সিরিজ হবে, বড় দলগুলোর বিপক্ষে আরও সাদা বলের সিরিজ হবে—মনটা আশা করছি।’

Source: জাগো নিউজ২৪