আর্জেন্টাইন ফুটবল তারকা কার্লোস তেভেজ আগামী ২০ ডিসেম্বর নিজের ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ খেলবেন। বুয়েনস আইরেসের বোকা জুনিয়র্সের হোম গ্রাউন্ড লা বোম্বোনেরায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেশ কয়েকজন নামীদামি ফুটবলার। ইতিমধ্যে তাঁদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি, সাবেক সতীর্থ ও ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরো, ইতালির সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ।

তেভেজের বিদায়ী ম্যাচে এখন পর্যন্ত যারা অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তাদের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। জাগো নিউজ স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, নিশ্চিত অতিথিরা হলেন: সার্জিও আগুয়েরো, মার্টিন পালের্মো, জিয়ানলুইজি বুফন, লিয়ান্দ্রো পারেদেস, রিও ফার্দিনান্দ, রোলান্দো স্কিয়াভি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো কোলাপিন্তো ও হুয়ান মার্তিন দেল পোত্রো।

এই ম্যাচ নিয়ে সবচেয়ে আলোচিত সংযোজন নিঃসন্দেহে লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলে তেভেজের সাবেক সতীর্থ মেসির উপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা লিখেছে, ‘ঐতিহাসিক এক রাতে আবারও দেখা হবে দুজনের। অ্যাপাচির শেষ নাচে বিশ্বসেরা ফুটবলারকে স্বাগত জানানো সম্মানের বিষয়।’

বোকা জুনিয়র্সের বর্তমান অধিনায়ক ও তারকা খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেসও নিশ্চিত করেছেন ওই ম্যাচে যোগ দেওয়ার বিষয়টি। তিনি তেভেজের সঙ্গে কখনো একই ক্লাবে বা মাঠে খেলেননি। তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দুজনেরই বোকা জুনিয়র্সের প্রতি ভালোবাসা, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর গর্ব এবং শীর্ষ পর্যায়ের ফুটবলে দীর্ঘ ক্যারিয়ার—এই বিষয়গুলোকে বিশেষ সংযোগ হিসেবে তুলে ধরা হয়েছে।

তেভেজের বিদায়ী ম্যাচে সবার আগে নিজের উপস্থিতি নিশ্চিত করেছিলেন সার্জিও আগুয়েরো। দুজনে একসঙ্গে খেলেছেন আর্জেন্টিনার জাতীয় দলে ও ম্যানচেস্টার সিটিতে। ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের পেছনেও তাঁদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। বিশেষ করে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে শিরোপা জয়ের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে উজ্জ্বল।

বোকা জুনিয়র্সের কিংবদন্তি খেলোয়াড়রাও থাকছেন সেই ম্যাচে। তাঁদের মধ্যে আছেন মার্টিন পালের্মো। ২০০৪ সালে একই দলে খেলেছিলেন তেভেজ ও পালের্মো। সে বছর কোপা সুদামেরিকানা জিতেছিল বোকা। ফাইনালে বলিভারের বিপক্ষে দুজনের গোলেই শিরোপা নিশ্চিত হয়েছিল দলটির।

আন্তর্জাতিক তারকাদের মধ্যে থাকছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জুভেন্টাসে তেভেজের সতীর্থ ছিলেন বুফন। এই সময়ে তারা দুটি সিরি আ, একটি ইতালিয়ান কাপ ও একটি সুপার কাপ জিতেছিলেন। ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছিলেন দুজন। অন্যদিকে, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে তেভেজের সতীর্থ ছিলেন ফার্দিনান্দ। একসঙ্গে তারা দুটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

জাগো নিউজ স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটিতে আরও অংশ নেবেন রোলান্দো স্কিয়াভি, ফ্রাঙ্কো কোলাপিন্তো ও হুয়ান মার্তিন দেল পোত্রো।

Source: জাগো নিউজ২৪