বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা।

জানা গেছে, গত জুন মাসে জিম্বাবুয়েতে চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। প্রথমবারের চোট থেকে সেরে ওঠার পথে আবারও চোটে পড়েন তিনি। সম্প্রতি সেই চোট থেকেও সেরে উঠেছিলেন নাহিদ। খেলার জন্য তিনি ফিট হয়ে উঠেছিলেন বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল নাহিদ রানার। অস্ট্রেলিয়ার একজন ডাক্তার তাকে ফিট হিসেবে ছাড়পত্রও দিয়েছিলেন। এরপর দেশে ফিরে বোলিং শুরু করেন তিনি। এক সপ্তাহ বোলিং করার পর তাঁর ওয়ার্কলোড দেখে মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। পরে জানা যায়, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে তিনি খেলবেন না। তবে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফেরার পরিকল্পনা ছিল তাঁর।

এরই মধ্যে আবারও দুঃসংবাদ। বিসিবি সূত্র জানিয়েছে, ‘রানা ৩ দিন ধরে জ্বরে ভুগছে। শুরুতেই প্রচণ্ড জ্বর ছিল। এ কারণে ডেঙ্গু টেস্ট করানো হয়। সেটা পজিটিভ আসায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

গত জুন মাস থেকে সাইড স্ট্রেইন ও নিতম্বের ব্যথার কারণে মাঠের বাইরে ছিলেন নাহিদ রানা। সম্প্রতি সব চোট থেকেই সেরে উঠেছিলেন তিনি। ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা ছিল তাঁর। এখনো ওই সিরিজ শুরুর দুই সপ্তাহ বাকি থাকলেও নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডেঙ্গু থেকে সেরে উঠলেও একজন পেসারের পুরোপুরি ফিট হতে সাধারণত দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। জ্বর চলে গেলেও শরীরের দুর্বলতা সহজে কাটে না। ফলে দীর্ঘ সময় বোলিং করা বা নিজের স্বাভাবিক গতিতে বল করতে কিছুটা সময় লাগে। সেই দৃষ্টিকোণ থেকে নাহিদ রানার মাঠে ফেরার সময় আরও দীর্ঘায়িত হতে পারে।

তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস

Source: জাগো নিউজ২৪