টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের পেসার জয়দেব উনাদকাট। স্বীকৃত পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ নম্বর ব্যাটিং পজিশন থেকে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের কীর্তি স্থাপন করেছেন সৌরাষ্ট্রের এই অধিনায়ক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইন্দোরের হলকার স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফির এলিট গ্রুপ ‘বি’র ম্যাচে তামিলনাড়ুর মুখোমুখি হয় সৌরাষ্ট্র।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৯২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সানি সান্ধু ১৭ বলে ৪৪, আন্দ্রে সিদ্ধার্থ ৩৮, বালাসুব্রামানিয়াম শচীন ৩৭ ও আর রাজকুমার ৩৬ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে সৌরাষ্ট্র। একের পর এক উইকেট হারিয়ে দলটি মাত্র ৯২ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলে। সে সময় জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ১০১ রান। এই চাপের মুহূর্তে ১১ নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক জয়দেব উনাদকাট।

এরপর চেতন সাকারিয়ার সঙ্গে দশম উইকেটে ৬২ রানের জুটি গড়েন তিনি। উনাদকাট নিজে ২৬ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪০ রান করেন। সাকারিয়া অপরাজিত থাকেন ২১ রানে। তাদের এই জুটি বর্তমানে স্বীকৃত পুরুষদের টি-টোয়েন্টিতে দশম উইকেটে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

উনাদকাট ভেঙেছেন ইংল্যান্ডের ড্যানি ব্রিগসের আগের রেকর্ড। ২০২০ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ১১ নম্বরে নেমে ৩৫ রানে অপরাজিত ছিলেন ব্রিগস। তবে উনাদকাটের ৪০ রানের ইনিংসটি সেই রেকর্ডকে ছাড়িয়ে এখন সবার ওপরে উঠে গেছে।

তবে এই লড়াইয়ের পরও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি সৌরাষ্ট্র। ১৬.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে তারা ৩৮ রানের বড় ব্যবধানে হেরে যায়। তামিলনাড়ুর হয়ে আর সাই কিশোর ৪৩ রানে ৪ উইকেট নেন এবং সানি সান্ধু শিকার করেন তিন উইকেট।

দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির সামগ্রিক রেকর্ডটি অবশ্য এখনো অক্ষত। ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গ্রান্ট এলিয়ট ও জুলফিকার বাবর ৬৩ রান যোগ করেছিলেন। উনাদকাট ও সাকারিয়ার ৬২ রানের জুটি সেই রেকর্ডের ঠিক পরেই যৌথ দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

এদিকে টানা তৃতীয় হারের কারণে সুপার লিগে ওঠার আশা শেষ হয়েছে সৌরাষ্ট্রের। একই গ্রুপ থেকে এর আগেই পাঞ্জাব পরের পর্ব নিশ্চিত করেছিল। অন্যদিকে জয় দিয়ে আসর শেষ করেছে তামিলনাড়ু।

তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস

Source: জাগো নিউজ২৪