বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনায় সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ফিফা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানায় ফিফা। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ফিফার এক মুখপাত্র বলেছেন, ‘ফিফা নিশ্চিত করছে, তারা একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিসরে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’

তথ্য চুরি ও প্রকাশের ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে ফিফা। বিশেষ করে ব্যক্তিগত তথ্য প্রকাশকে গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে অভিহিত করেছে সংস্থাটি।

তবে ফিফা এটি নিশ্চিত করেনি যে, কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কখন হামলাটি ঘটেছে অথবা ব্যবসায়িক তথ্যের কোন অংশে আক্রমণ হয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানায়নি ফিফা। তথ্য প্রকাশের কথা উল্লেখ করলেও সেগুলো অনলাইনে এসেছে কি না, অথবা কোথায় প্রকাশিত হয়েছে, তা স্পষ্ট করেনি সংস্থাটি।

এ বিষয়ে অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় আক্রান্ত হয়েছে। তবে ফিফার পরিত্যক্ত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের কোনো ফাইলে অননুমোদিত প্রবেশ ঘটেনি।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে সংস্থাটি। ওই প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন আয়োজন পরিচালনার জন্য নতুন একটি ইউনিট গঠনের পরিকল্পনা ছিল। সেই ইউনিটের ২০ শতাংশ অংশীদারত্ব বিক্রির মাধ্যমে ৪২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্য ছিল ফিফার।

তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস ও রয়টার্স।

Source: জাগো নিউজ২৪