শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, বোর্ড সভায় এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়নি যে তা নিয়ে আলোচনা করার আছে। তবে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চান।

সংবাদ সম্মেলনে মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রবান্নীকে নিয়ে হাজির হন তামিম। শুরুতেই তিনি বলেন, এটা হতে যাচ্ছে অন্যতম ছোট মিডিয়া ব্রিফিং। এরপরই তিনি জানান, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন মুশফিকুর রহিম। বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবির সভায় এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়নি, যা নিয়ে কথা বলা বা আলোচনা করার আছে। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই। মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন।’

তামিম জানান, কয়েক দিন আগে মুশফিক নিজেই তাঁকে ফোন করে অবসরের সিদ্ধান্তের কথা জানান। এরপর নিয়মিতই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। তামিম বলেন, ‘কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের (অবসর) কথা জানিয়েছিল। এরপর নিয়মিতই তার সঙ্গে যোগাযোগ ছিল আমার। আমি তাকে বলেছিলাম, নিজের সিদ্ধান্তটি যেন সংবাদ সম্মেলন করে নিজেই ঘোষণা করে।’

তামিম আরও জানান, তিনি মুশফিককে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলেন। কারণ, তিনি বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ সেবক। তিনি চেয়েছিলেন, তার অবসরের বিষয়টি যথাযথভাবে ঘোষণা করা হোক। তবে শেষ পর্যন্ত মুশফিকের অনুরোধেই তিনি এই ঘোষণা দিচ্ছেন। তামিম বলেন, ‘একই সঙ্গে তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম। কারণ, তিনি বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ সেবক। আমি চেয়েছিলাম, তার অবসরের বিষয়টি যথাযথভাবে ঘোষণা করা হোক। কিন্তু মুশফিকের অনুরোধে আজ আমি এই ঘোষণা দিচ্ছি, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট।’

২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এরপর গেলো ২১ বছরে বাংলাদেশের হয়ে সবার আগে খেলেছেন ১০০ টেস্ট। অবসর নেওয়ার আগে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরি ও ৭ হাজার ৬২ রানও তার নামের পাশে রয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সফরে আসবে বাংলাদেশে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টেই নিজের ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন মুশফিকুর রহিম।

তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস

Source: জাগো নিউজ২৪