ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গড়া ফুটবল দল এবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে থাইল্যান্ডে। প্রায় দুই মাস ধরে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ শেষে শিগগিরই দেশটিতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ফুটবল দলের সদস্যরা।
রোববার (২৯ নভেম্বর) বিএসপিএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ১৩ সদস্যের নাম ঘোষণা করেন দলের কোচ জাহিদ হাসান এমিলি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সফরে মাঠে নামবে ১৩ সদস্যের একটি দল। অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাদমান সাকিব।
দলটি থাইল্যান্ডে মোট তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি ম্যাচ হবে থাইল্যান্ডের ক্রীড়া সাংবাদিকদের বিপক্ষে। আরেকটি ম্যাচ খেলবে ফিলিপাইন কমিউনিটির বিপক্ষে। শুধু ম্যাচ খেলাই নয়, এ সফরে অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ পাবেন দলের সদস্যরা।
দল গঠনের প্রক্রিয়া খুব একটা সহজ ছিল না কোচ জাহিদ হাসান এমিলির জন্য। তিনি জানান, শুরুতে ১৭ থেকে ১৮ জন খেলোয়াড় প্রাথমিক তালিকায় থাকলেও শেষ পর্যন্ত ১৩ জনকে বেছে নিতে হয়েছে। সাংবাদিকরা পেশাদার ফুটবলার না হলেও অনুশীলনে তাঁদের আন্তরিকতা ও উন্নতিতে সন্তুষ্ট কোচ।
কোচ জাহিদ হাসান এমিলি বলেন, ‘সত্যি বলতে, আমি তাদের অনেক পরিশ্রম করিয়েছি; কিন্তু তারা কেউ কখনো অসন্তুষ্ট হয়নি। সবাই একদম মন খুলে প্র্যাকটিসগুলো করেছে এবং শেষের দিকে এসে আমি দেখলাম যে তারা বেশ উন্নতি করেছে খেলায়।’
দলের খেলোয়াড়েরা হলেন— ফয়সাল তিতুমীর, আশরাফ হোসাইন, সাদমান সাকিব, রাশেদুল ইসলাম, রেদোয়ান সুলতান শোয়েব, মাহফুজুল ইসলাম, গোলাম মোস্তফা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল, রানা শেখ, সৌরভ কুমার দাস, মৃদুল হাসান, তাসওয়ার সালসাবিল নাফি ও আরিফুল ইসলাম।
দলের ম্যানেজার হিসেবে আছেন জাহিদ মুনির কল্লোল, সহকারী ম্যানেজার রায়হান উদ্দিন রাসেল। টিম লিডার হিসেবে যাচ্ছেন সামন হোসেন। চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন রাকিবুর রহমান। বিএসপিএর সিনিয়র সদস্য খাইরুল ইসলাম শাহীন থাকবেন পর্যবেক্ষক হিসেবে।
তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস
Source: জাগো নিউজ২৪






