ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা থেকে শুরু করে অফিসের কাজ—প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন ই-মেইল অ্যাকাউন্ট লাগে। শুধু বার্তা আদান-প্রদানই নয়, বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরুদ্ধার ও ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের কাজেও ই-মেইলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে এ অ্যাকাউন্টের তথ্য অন্যের হাতে চলে গেলে ব্যক্তিগত তথ্য ও অনলাইন নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

কিন্তু নিজের ব্যবহৃত ই-মেইল ঠিকানাটি কখনো কোনো তথ্য ফাঁসের ঘটনায় প্রকাশ্যে এসেছে কি না, তা অনেকেই জানেন না। কোনো ওয়েবসাইট বা অনলাইন পরিষেবা থেকে ব্যবহারকারীর তথ্য চুরি হলেও অনেক সময় তাঁরা বিষয়টি টের পান না। তবে একটি নির্ভরযোগ্য ওয়েবসাইটের মাধ্যমে সহজেই পরীক্ষা করা যায়, ই-মেইল ঠিকানাটি পরিচিত কোনো তথ্য ফাঁসের তালিকায় আছে কি না।

যেভাবে যাচাই করবেন

এ জন্য ব্যবহার করা যেতে পারে ‘Have I Been Pwned’ নামের ওয়েবসাইটটি। ঠিকানাটি হলো haveibeenpwned.com। সাইবার নিরাপত্তা গবেষক ট্রয় হান্ট পরিচালিত এ পরিষেবায় বিভিন্ন তথ্য ফাঁসের ঘটনায় প্রকাশিত ই-মেইল ঠিকানা খোঁজার সুযোগ রয়েছে।

প্রথমে ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর নির্দিষ্ট সার্চ বক্সে নিজের ই-মেইল ঠিকানা লিখে অনুসন্ধান করতে হবে। ওয়েবসাইটটি তার সংগ্রহে থাকা পরিচিত তথ্য ফাঁসের তথ্যের সঙ্গে ঠিকানাটি মিলিয়ে ফলাফল দেখাবে।

ই-মেইল ঠিকানাটি কোনো পরিচিত তথ্য ফাঁসের ঘটনায় পাওয়া গেলে সংশ্লিষ্ট ঘটনার তথ্যসহ সতর্কবার্তা দেখাবে। আর কোনো মিল না পাওয়া গেলে জানাবে যে তাদের সংগ্রহে থাকা তথ্যের মধ্যে ঠিকানাটি পাওয়া যায়নি।

ফলাফলের সীমাবদ্ধতা

তবে মনে রাখতে হবে, ফলাফলে ই-মেইল ঠিকানা না পাওয়া মানেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ—বিষয়টি এমন নয়। সব তথ্য ফাঁসের ঘটনা এ ওয়েবসাইটে থাকে না। আবার ই-মেইল ঠিকানা কোনো ফাঁসের তালিকায় থাকা মানেই কেউ অ্যাকাউন্টে প্রবেশ করেছে, সেটিও নিশ্চিত নয়।

ঠিকানা ফাঁস হলে কী করবেন

নিজের ই-মেইল ঠিকানা কোনো তথ্য ফাঁসের ঘটনায় পাওয়া গেলে প্রথমেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। বিশেষ করে ওই পাসওয়ার্ড অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে ব্যবহার করা হয়ে থাকলে সেগুলোর পাসওয়ার্ডও বদলে ফেলতে হবে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও অনুমান করা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি।

এরপর ই-মেইল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করতে হবে। এতে পাসওয়ার্ড জানা থাকলেও অতিরিক্ত যাচাই ছাড়া অন্য কারো পক্ষে অ্যাকাউন্টে প্রবেশ করা কঠিন হবে। সম্ভব হলে অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংসে গিয়ে সাম্প্রতিক লগইন কার্যক্রম, পরিচিত ডিভাইস এবং যুক্ত থাকা থার্ড-পার্টি অ্যাপ পরীক্ষা করতে হবে। অপরিচিত কোনো ডিভাইস বা অ্যাপ চোখে পড়লে সেটির প্রবেশাধিকার বন্ধ করতে হবে।

নিরাপত্তার অভ্যাস

ই-মেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে কয়েকটি অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। ই-মেইল ঠিকানা তথ্য ফাঁসের তালিকায় আছে কি না, তা পরীক্ষা করা ভালো অভ্যাস। তবে একবার পরীক্ষা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। নিয়মিত নিরাপত্তা যাচাই, আলাদা পাসওয়ার্ড এবং দুই ধাপের যাচাইকরণ—এসব অভ্যাসই অনলাইন অ্যাকাউন্টের ঝুঁকি কমাতে সাহায্য করবে।

Source: জাগো নিউজ২৪