স্মার্টফোনে অ্যাপ খুলতে গিয়ে অনেক সময় ইন্টারফেস, ছবি কিংবা লেখা লোড হতে দেরি হয়। শুরুতে মনে হতে পারে নির্দিষ্ট কোনো অ্যাপের সমস্যা, কিন্তু অন্য অ্যাপেও একই ধরনের দেরি হতে থাকলে বোঝা যায় ফোনের সার্বিক গতি কমে গেছে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের নানা সমস্যার কারণে এমন হতে পারে। জনপ্রিয় ব্র্যান্ড হওয়া সত্ত্বেও স্যামসাংয়ের ফোনেও এ ধরনের ধীরগতি দেখা যায়। পর্যাপ্ত র‍্যাম বা স্টোরেজের অভাব কিংবা ওয়ান ইউআইয়ের কার্যক্ষমতার সীমাবদ্ধতাও এর কারণ হতে পারে। ধীরগতির কারণগুলো জানা থাকলে জাগোনিউজ টেকনোলজির প্রতিবেদন অনুযায়ী, অনেক ক্ষেত্রেই ব্যবহারকারী নিজেই সমাধান করতে পারেন।

ভার্চুয়াল র‍্যামের ওপর অতিরিক্ত নির্ভরতা

ফোনের স্বাভাবিক কার্যক্রমে র‍্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত বেশি র‍্যাম ফোনের গতি ও কার্যক্ষমতা বাড়ায়। স্মার্টফোনে অন্তত ৮ জিবি র‍্যাম থাকা ভালো। তবে কম দামের অনেক ফোনে র‍্যামের পরিমাণ কম থাকে। এর একটি উদাহরণ স্যামসাং গ্যালাক্সি এ১৭ ফাইভজি, যার দাম ২০০ ডলার (প্রায় ২৮ হাজার টাকা) এবং এতে রয়েছে মাত্র ৪ জিবি র‍্যাম।

এই ঘাটতি পূরণে স্যামসাংয়ের রয়েছে র‍্যাম প্লাস সুবিধা। এর মাধ্যমে ফোনের স্টোরেজের একটি অংশ ভার্চুয়াল র‍্যাম হিসেবে ব্যবহার করা যায়। ফলে ৪ জিবি র‍্যামের ফোনেও ৬ থেকে ৮ জিবি র‍্যামের মতো সুবিধা পাওয়ার কথা। তবে এই প্রযুক্তিতে জেডর‍্যাম ব্যবহার করায় তথ্য সংকুচিত করতে প্রসেসরের ওপর বাড়তি চাপ পড়ে। কম দামের ফোনে দুর্বল চিপসেট থাকায় এ ক্ষেত্রে গতি কমে যেতে পারে। এ কারণে পর্যাপ্ত প্রকৃত র‍্যাম থাকলে র‍্যাম প্লাস বন্ধ রাখার পরামর্শ দেন কিছু বিশেষজ্ঞ। র‍্যাম খুব কম হলে নতুন ফোন কেনার কথা ভাবা যেতে পারে।

সফটওয়্যার হালনাগাদ না থাকা

ফোন আপডেট করলেই ধীরগতির সমস্যা পুরোপুরি দূর হয় না। বরং আপডেটের পর নতুন সফটওয়্যারের সঙ্গে খাপ খাওয়াতে অ্যাপ ও অপারেটিং সিস্টেমকে কিছু ফাইল নতুন করে সাজাতে হয়। এতে সাময়িকভাবে ফোন ধীর হতে পারে। আবার নিয়মিত আপডেট না করলেও নিরাপত্তা প্যাচ, বাগ সংশোধন ও অ্যাপের সঙ্গে সামঞ্জস্যের সমস্যা দেখা দিতে পারে। পুরোনো সফটওয়্যারে নতুন অ্যাপ চালাতে প্রসেসরের ওপর বাড়তি চাপ পড়ে, ফলে ফোনের গতি কমে যায়। তাই ফোনের সফটওয়্যার ও অ্যাপ নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়। আপডেটের পর কয়েক সপ্তাহ সময় দেওয়া উচিত, যাতে ফোন নতুন সফটওয়্যারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে।

স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যাওয়া

ফোনের অভ্যন্তরীণ স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে গেলে কার্যক্ষমতা কমে যেতে পারে। বিশেষ করে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা না থাকলে সমস্যা বাড়ে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস২১ সিরিজের পরের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে মেমোরি কার্ডের স্লট নেই। ফোনের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক ফাইল, অ্যাপের ক্যাশ ও ভার্চুয়াল মেমোরির জন্য খালি জায়গা প্রয়োজন। স্টোরেজ পূর্ণ হলে নতুন তথ্য সংরক্ষণ ও পুরোনো তথ্য সরাতে ফোনকে বাড়তি কাজ করতে হয়, এতে গতি কমে যায়। তাই মোট স্টোরেজের অন্তত ১০ থেকে ১৫ শতাংশ খালি রাখার পরামর্শ দেওয়া হয়। অপ্রয়োজনীয় ফাইল, অ্যাপ ও ক্যাশ মুছে জায়গা খালি রাখা যেতে পারে।

ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া

ফোনের চার্জ দ্রুত শেষ হওয়া ও অতিরিক্ত গরম হওয়ার মধ্যে সম্পর্ক থাকতে পারে। দুটি সমস্যা একসঙ্গে দেখা দিলে সতর্ক হওয়া উচিত। ফোন চার্জ দেওয়া বা চার্জ ব্যবহারের সময় রাসায়নিক বিক্রিয়ায় তাপ তৈরি হয়। এ ছাড়া প্রসেসরের ওপর বাড়তি চাপ পড়লেও ফোন গরম হতে পারে। অতিরিক্ত তাপ বের হতে না পারলে থার্মাল থ্রটলিংয়ের সমস্যা দেখা দেয়। এ সময় হার্ডওয়্যারের ক্ষতি এড়াতে ফোনের প্রসেসর ও গ্রাফিকস প্রসেসরের (জিপিইউ) কার্যক্ষমতা কমিয়ে দেওয়া হয়, ফলে ফোনের গতি কমে যায়।

তাপ নিয়ন্ত্রণে ফোনে ভ্যাপার চেম্বার ও গ্রাফাইটের স্তরের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে ভারী কাজের চাপে এসব ব্যবস্থা যথেষ্ট না হলে ফোন গরম হতে পারে। এমন পরিস্থিতিতে ফোনের ওপর কাজের চাপ কমিয়ে ঠান্ডা হতে সময় দেওয়া উচিত।

Source: জাগো নিউজ২৪