সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে চীন ও ইউক্রেন। জাগো নিউজ টেকনোলজির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সামরিক এআই খাতে অর্থ বিনিয়োগে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বড় পরিসরে রাষ্ট্রীয় পরিকল্পনায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে চীন এবং যুদ্ধক্ষেত্রের তথ্য দ্রুত এআই প্রযুক্তিতে রূপান্তর করে বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ইউক্রেন এগিয়ে রয়েছে।
তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে ইসরায়েল ও রাশিয়া। দেশ দুটি চলমান যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামরিক এআইয়ে বিনিয়োগ করছে। অন্যদিকে, জার্মানি, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও ভারত তুলনামূলক কম বিনিয়োগ দিয়ে সামরিক এআইয়ের বাজেট বাড়াচ্ছে। তবে এসব দেশের সামরিক এআই খাতে বাজেট বৃদ্ধির হার তাদের সামগ্রিক প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির হারের চেয়ে বেশি।
কেন এই তালিকা গুরুত্বপূর্ণ
প্রতিবেদনটি বলছে, সামরিক ক্ষেত্রে এআইয়ের ব্যবহার এখন পরীক্ষামূলক প্রকল্পের পর্যায় পেরিয়ে নির্দিষ্ট বাজেট বরাদ্দের পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে পেন্টাগন এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য ১৩ দশমিক ৪ বিলিয়ন ডলার বরাদ্দের কথা জানিয়েছে। এই প্রথম খাতটির জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে পদার্পণ দেখিয়েছে, যুদ্ধক্ষেত্রে এআইয়ের সহায়তায় লক্ষ্যবস্তু নির্ধারণ ও স্বয়ংক্রিয় ড্রোন কী ধরনের ভূমিকা রাখতে পারে।
এদিকে বেসরকারি বিনিয়োগও বাড়ছে। চ্যাথাম হাউসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে প্রতিরক্ষা খাতে বেসরকারি বিনিয়োগ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর বড় অংশই গেছে এআই ও স্বয়ংক্রিয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে।
মূল্যায়নের মানদণ্ড
প্রতিবেদনে বলা হয়েছে, নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনাকারীদের কাছে এখন আর প্রশ্নটি শুধু এই নয় যে, দেশগুলো সামরিক এআইয়ে বিনিয়োগ করবে কি না। বরং প্রশ্ন হলো—কোন দেশ সবচেয়ে বেশি বিনিয়োগ করছে, কোন প্রযুক্তিতে করছে এবং সেই অর্থ কত দ্রুত যুদ্ধক্ষেত্রে বাস্তব সক্ষমতায় রূপ নিচ্ছে।
‘সবচেয়ে আগ্রাসীভাবে বিনিয়োগ’ বলতে শুধু বিনিয়োগের পরিমাণ নয় বরং প্রতিশ্রুতি ও বিনিয়োগের গতি—দুটিকেই বিবেচনায় নেওয়া হয়েছে। ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত প্রকাশিত উন্মুক্ত তথ্যের ভিত্তিতে মডার্ন ডিপ্লোমেসি পাঁচটি গুরুত্ব নির্ধারক মানদণ্ডে প্রতিটি দেশকে ১০-এর মধ্যে নম্বর দিয়েছে। মানদণ্ডগুলোর গুরুত্ব অনুযায়ী আলাদা ওজন নির্ধারণ করে এই মূল্যায়ন করা হয়েছে।
জাতিসংঘ মহাসচিবের বার্তা
গত সপ্তাহের মঙ্গলবার প্রযুক্তি খাতের অভাবনীয় পরিবর্তন নিয়ে আলোচনায় বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেখানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাষ্ট্রদূতদের উদ্দেশে বলেন, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময় কম্পিউটার, ইন্টারনেট ও কৃত্রিম উপগ্রহ ছিল কেবল কল্পবিজ্ঞানের বিষয়। কিন্তু আজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে, ড্রোন যুদ্ধের ধরন বদলে দিচ্ছে এবং নজিরবিহীনভাবে ছড়িয়ে পড়ছে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য। তিনি বলেন, এসব প্রযুক্তির ব্যবহার সংঘাতের মাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে ভূমিকা রাখছে।
মহাসচিব আরও বলেন, ‘আমাদের ভবিষ্যতে প্রাণঘাতী রোবটের কোনো স্থান থাকা উচিত নয়। উদীয়মান প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে অস্থিতিশীল করে না তোলে, তা নিশ্চিত করার বিশেষ দায়িত্ব আপনাদের রয়েছে।’
তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজি
Source: জাগো নিউজ২৪






