কম্পিউটারে পেন ড্রাইভ লাগানো বা মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ইউএসবি ক্যাবল প্রায় সবাই ব্যবহার করেন। কিন্তু কখনো কি খেয়াল করেছেন, পুরোনো ধরনের ইউএসবি ক্যাবল বা পেন ড্রাইভের ধাতব অংশের গায়ে দুটি ছোট বর্গাকার ছিদ্র থাকে? দেখতে সাধারণ মনে হলেও এগুলো নিছক নকশার অংশ নয়। বরং এর পেছনে আছে একটি বিশেষ প্রযুক্তি, যা ডিভাইসকে পোর্টের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে।

ছোট ছিদ্রের আসল কাজ কী?

ইউএসবি-এ কানেক্টরের ধাতব অংশের ওপর থাকা দুটি ছোট ছিদ্র আসলে একটি বিশেষ লকিং ব্যবস্থার অংশ। কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসের ইউএসবি পোর্টে ক্যাবল বা পেন ড্রাইভ লাগানোর সময় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়টি বুঝতে হলে ইউএসবি পোর্টের ভেতরের গঠন সম্পর্কে জানতে হবে। পোর্টের মধ্যে দুটি ছোট স্প্রিংযুক্ত ধাতব অংশ থাকে। ইউএসবি কানেক্টর প্রবেশ করানোর সময় এই ধাতব ক্লিপগুলো কানেক্টরের গায়ের দুটি ছিদ্রের সঙ্গে আটকে যায়। ফলে কানেক্টরটি পোর্টের মধ্যে নির্দিষ্ট অবস্থানে থাকে এবং সহজে খুলে আসে না।

ক্যাবল লাগানোর সময় ক্লিক শব্দ হয় কেন?

অনেকেই খেয়াল করেছেন, ইউএসবি ক্যাবল বা পেন ড্রাইভ কম্পিউটারে লাগানোর সময় কখনো হালকা ক্লিক শব্দ শোনা যায়। এর কারণ এই লকিং ব্যবস্থাই। কানেক্টরটি পোর্টের মধ্যে ঢোকার সময় স্প্রিংযুক্ত ধাতব ক্লিপগুলো সামান্য সরে যায়। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর সেগুলো আবার আগের অবস্থানে ফিরে এসে কানেক্টরের ছিদ্রের মধ্যে আটকে যায়। এই প্রক্রিয়ায় তৈরি হয় হালকা ক্লিক শব্দ। এর ফলে সামান্য টান বা নড়াচড়ায় ক্যাবলটি সহজে খুলে যায় না। বারবার ব্যবহার করলেও সংযোগ ধরে রাখতে ব্যবস্থাটি সাহায্য করে।

ইউএসবি-সি ক্যাবলে এমন দুটি ছিদ্র থাকে না কেন?

বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেটসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ইউএসবি টাইপ-সি কানেক্টরের ব্যবহার বাড়ছে। কিন্তু পুরোনো ইউএসবি-এ কানেক্টরের মতো এর ধাতব অংশে দুটি দৃশ্যমান বর্গাকার ছিদ্র থাকে না। এর কারণ, ইউএসবি-সি কানেক্টরে সংযোগ ধরে রাখার পদ্ধতি আলাদা। এই কানেক্টরের ধাতব আবরণের নির্দিষ্ট খাঁজের সঙ্গে পোর্টের ভেতরের স্প্রিংযুক্ত অংশ আটকে থাকে। ফলে বাইরে দুটি ছিদ্র না থাকলেও কেবলটি পোর্টের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে। এছাড়া ইউএসবি-সি কানেক্টরের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি দুই দিক থেকেই পোর্টে লাগানো যায়। অর্থাৎ আগের ইউএসবি-এ কানেক্টরের মতো কোন দিকটি ওপরের দিকে থাকবে, তা নিয়ে ভাবতে হয় না।

ইউএসবি প্রযুক্তির ইতিহাসও বেশ পুরোনো

ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি প্রযুক্তির যাত্রা শুরু হয় ১৯৯০-এর দশকে। ইন্টেল, মাইক্রোসফট, আইবিএম, কমপ্যাকসহ সাতটি প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে এই প্রযুক্তির বিকাশ ঘটে। কম্পিউটারের সঙ্গে বিভিন্ন যন্ত্র সহজে যুক্ত করা এবং তথ্য আদান-প্রদানকে সুবিধাজনক করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইউএসবি প্রযুক্তিতে এসেছে নানা পরিবর্তন। একসময় কম্পিউটারে বহুল ব্যবহৃত ইউএসবি-এ কানেক্টরের পাশাপাশি এখন ইউএসবি-সি জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২৩ সালে আইফোন ১৫ সিরিজে ইউএসবি-সি ব্যবহারের মধ্য দিয়ে অ্যাপলও এই পরিবর্তনের পথে হাঁটে। তবে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়লেও পুরোনো ইউএসবি-এ কানেক্টরের প্রয়োজনীয়তা একেবারে ফুরিয়ে যায়নি। কম্পিউটার, পেন ড্রাইভ ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামে এটি এখনো ব্যবহৃত হচ্ছে।

অর্থাৎ ইউএসবি ক্যাবল বা পেন ড্রাইভের গায়ে থাকা ছোট্ট দুটি ছিদ্র আসলে প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ নকশা। দেখতে সামান্য হলেও ডিভাইসের সংযোগ ঠিক রাখতে এগুলোর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

Source: জাগো নিউজ২৪