দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও ইনফরমেশন টেকনোলজি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) খাতের রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে নগদ প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। একইসঙ্গে খাতটির বিকাশে একটি সমন্বিত ‘বিপিও ভিলেজ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎকালে এসব প্রস্তাব তুলে ধরেন বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। বাক্কোর সভাপতি ফয়সল আলিমের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়ন, রপ্তানি সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।
সাক্ষাৎকালে বাক্কো সভাপতি ফয়সল আলিম বলেন, একটি সমন্বিত বিপিও ভিলেজ প্রতিষ্ঠা করা গেলে এ শিল্পের প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও ব্যবসায়িক সেবার সমন্বয়ে কার্যকর ইকোসিস্টেম গড়ে উঠবে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি শিল্পটির সামগ্রিক সক্ষমতা বাড়বে বলে তাঁর ধারণা।
তিনি আরও উল্লেখ করেন, বিপিও ও আইটিইএস খাতের রপ্তানিতে নগদ প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। একইসঙ্গে রপ্তানি আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
এসময় আসন্ন ফ্রিল্যান্সার সামিট আয়োজনের প্রস্তুতি ও বাক্কোর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করা হয়। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান। তিনি সংগঠনটির পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনা কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়াতে হবে।
আলোচনায় বাক্কোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত, অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান এবং পরিচালক এস এম মসিউর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়ন, সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংরক্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে বাক্কো।
তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজি।
Source: জাগো নিউজ২৪






