লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত ‘বাউল উৎসব লন্ডন ২০২৬’-এ বাউল গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করেছেন কণ্ঠশিল্পী শারমিন দিপু। বাংলা ক্রেজ ইউকে আয়োজিত উৎসবটি হয় কলোসিয়াম স্যুটে, প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উৎসবে আরও গান করেন বেলী আফরোজ, সাগর বাউল, সাজ্জাদ নূর, বাউল এম হোসেন, বন্যা তালুকদার, রানা ও বাউল ইকরাম উদ্দিনসহ কয়েকজন প্রবাসী শিল্পী। যন্ত্রে ছিলেন লন্ডনপ্রবাসী বাঙালি শিল্পী তানিম, হাসান, রিজান ও সম্রাটসহ অনেকে।

বাংলা ক্রেজ ইউকের সিইও ফয়সাল আহমেদ জানান, টিকিট কেটে প্রবেশের আয়োজন হলেও প্রবাসী দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দিয়েছে। প্রতিবছর এমন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বাউল সংগীত ও সংস্কৃতিকে লন্ডনে পরিচিত করাই তাঁদের লক্ষ্য বলে জানান তিনি।

নিজের অনুভূতি জানিয়ে শারমিন দিপু বলেন, বহুজাতিক শহর লন্ডনে বাউল গাইতে পারা তাঁর জন্য গর্বের ও আবেগের। তাঁর মতে, বাউল হলো মাটির দর্শন, মানবতা আর আত্মার ভাষা; বিদেশে দর্শকদের মন দিয়ে বাউল শোনা বোঝায়, সংস্কৃতির কোনো সীমানা নেই।

কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বির ভাষ্য, শো-টি দারুণ হয়েছে এবং লন্ডনের প্রবাসীরা যে গানপাগল, তা আবার প্রমাণ হলো। শারমিন দিপু ও ফয়সাল আহমেদের পরিশ্রম ও আন্তরিকতারও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্যে সমান জনপ্রিয় শারমিন দিপু প্লেব্যাক, আধুনিক, লোকসংগীত ও নজরুলসংগীত গাইলেও লোকগানেই বেশি পরিচিত। লন্ডনে তিনি আইন পেশাতেও যুক্ত।