ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি আর ব্যবসা-বাণিজ্যে চট্টগ্রামের পরিচয় যুক্তরাজ্যে তুলে ধরতে আগামী ১ নভেম্বর, রোববার, রমফোর্ডের মেফেয়ার হলে বসছে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’। প্রবাসী চট্টগ্রামবাসীকে এক সাংস্কৃতিক প্ল্যাটফর্মে আনা এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখাই আয়োজনের উদ্দেশ্য।
উৎসব সামনে রেখে সম্প্রতি পূর্ব লন্ডনের নিউ রোডের তারা-তারে রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা, যাতে যোগ দেন নানা কমিউনিটি সংগঠনের নেতা ও সাংবাদিকরা। আয়োজকদের পক্ষে প্রেস রিলিজ পড়ে শোনান মোহাম্মদ আলী রেজা; তিনিসহ সুজন বড়ুয়া ও মো. মাসুদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা এবং শিকড়ের সঙ্গে তাদের সম্পর্ক মজবুত করা উৎসবের মূল লক্ষ্য। প্রবাসী ব্যবসায়ী, পেশাজীবী ও উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও আছে।
যুক্তরাজ্যে সক্রিয় চট্টগ্রামভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনগুলোকে এক প্ল্যাটফর্মে এনে একসঙ্গে কাজের সুযোগ তৈরিও এ আয়োজনের লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে, খোলা জায়গায় উৎসব করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের, যেখানে ঐতিহ্যবাহী মেজবানসহ নানা সাংস্কৃতিক উপাদান থাকবে।
উৎসব সফল করতে বক্তারা শিল্পী, সংগঠক, স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী-উদ্যোক্তা ও দর্শনার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানান এবং যুক্তরাজ্যপ্রবাসী সর্বস্তরের মানুষের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, কাউন্সিলর ফিরোজ গনি, সলিসিটর জাগির আলম, শওকাত মাহমুদ টিপু, আরশাদ মালেক ও আবুল মুনছুর শাহজাহানসহ বিভিন্ন সংগঠনের নেতা ও প্রতিনিধিরা। কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, সন্দ্বীপ সমিতি ইউকে, চট্টগ্রাম ক্লাব ইউকে, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে ও গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকেসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।






