প্রবাসে বাঙালির সাহিত্যচর্চার অন্যতম প্ল্যাটফর্ম সংহতি সাহিত্য পরিষদ আগামী জুলাইয়ে লন্ডনে আবারও বাংলা কবিতা উৎসবের আয়োজন করছে। এবারের ‘সংহতি কবিতা উৎসব ২০২৬’-এর বিষয় বাংলা আঞ্চলিক ভাষার কবিতা; কবিরা নিজ নিজ অঞ্চলের ভাষায় লেখা কবিতা পড়বেন।
সংগঠনের সভাপতি নাট্যকার-ছড়াকার আবু তাহের ও সাধারণ সম্পাদক কবি তুহিন চৌধুরী জানান, আগের উৎসবগুলোর ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। তাঁদের ভাষ্য, প্রবাসে বাংলা কবিতার কণ্ঠকে আরও বহুমাত্রিক ও নতুন প্রজন্মের কাছাকাছি নিতে এবং হারিয়ে যেতে বসা আঞ্চলিক স্বরকে কবিতায় ধরে রাখতেই এ আয়োজন।
উৎসবের তারিখ ও অতিথিদের নাম শিগগির জানানো হবে বলে জানান তাঁরা। কবিদের কাছে আঞ্চলিক ভাষায় লেখা কবিতা চাওয়া হয়েছে, যেখানে আবৃত্তির উপযোগী কবিতা অগ্রাধিকার পাবে; বাছাই করা কবিতা নিয়ে সংহতি একটি বিশেষ সংকলন বের করবে এবং উৎসবে সেগুলোর আবৃত্তিও থাকবে।
আগ্রহী কবিদের স্বরচিত দুটি আঞ্চলিক কবিতা ৩০ মার্চ ২০২৬-এর মধ্যে আয়োজকদের নির্ধারিত দুটি ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
তিন যুগের বেশি সময় ধরে প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করা সংগঠনটি ২০০৮ সালে লন্ডনে প্রথম বাংলা কবিতা উৎসব করে, ২০২৪ সাল পর্যন্ত হয়েছে এমন ৮টি উৎসব। এসব আসরে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে এসেছেন আসাদ চৌধুরী, বেলাল চৌধুরী, রফিক আজাদ, মহাদেব সাহা, কেতকী কুসারী ডাইসন, হাবিবুল্লাহ সিরাজী ও আনিসুল হকসহ প্রবীণ ও তরুণ বহু কবি-লেখক।
প্রতিটি উৎসবে ব্রিটেনে বসবাসরত একজন বাঙালি কবিকে ‘সংহতি কবিতা পদক’ দেওয়া হয়, আর অতিথি কবিদের দেওয়া হয় সংহতি বিশেষ সম্মাননা পদক।






