নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছেন সাংবাদিক শাহেদ শফিক এবং লন্ডনপ্রবাসী বাংলাদেশি আইনজীবী সাহিদুর রহমান (সাহিদ)। আগামী ১ থেকে ৭ এপ্রিল প্রথমে রংপুর বিভাগে, পরে পর্যায়ক্রমে লন্ডনসহ দেশের বিভিন্ন অঞ্চলে এটি চলবে।

কর্মসূচিতে রংপুর বিভাগের স্কুল, মাদরাসা, লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শাহেদ শফিকের লেখা ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া: বৈশ্বিক অনুপ্রেরণার মডেল’ বইটি বিতরণ করা হবে। ৪ বছরের বেশি সময়ের অনুসন্ধানে লেখা বইটি গত বছরের নভেম্বরে প্রকাশ করে জিনিয়াস পাবলিকেশন্স।

আইনজীবী সাহিদুর রহমান বলেন, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়া অনেক কাজ করেছেন। তার অভিযোগ, দীর্ঘ ১৭ বছর হাসিনা সরকার সেসব অবদান মুছে ফেলার চেষ্টা করেছে, তরুণ প্রজন্মকে তা জানতে দেওয়া হয়নি।

বইটি পড়ে এতে খালেদা জিয়ার অবদানের বিস্তারিত বিবরণ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, সে কারণেই বইটি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন; ধাপে ধাপে সারা দেশে তা পৌঁছে দেওয়ার আশা তার।

লেখক শাহেদ শফিক জানান, দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা, পত্রপত্রিকা ও নিজস্ব উৎস থেকে দীর্ঘদিন তথ্য সংগ্রহ করে তিনি বইটি লিখেছেন। তার দাবি, নারী শিক্ষায় খালেদা জিয়ার উদ্যোগগুলো বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল এবং বিভিন্ন দেশ সেগুলোকে মডেল হিসেবে নিয়েছে।