যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হয়ে গেল ‘গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স-২০২৬’। দেওয়ানবাগ শরিফ যুক্তরাজ্য শাখার আয়োজনে রোববার (৫ জুলাই) বিকেলে একটি কনভেনশন হলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষ যোগ দেন।

প্রফেসর ড. কুদরত এ খোদার আহ্বানে আয়োজিত সম্মেলনে তিনি বলেন, হেরা গুহার জ্ঞান থেকে সমাজ দূরে সরে গেছে, হারিয়ে গেছে আত্মশুদ্ধির চর্চাও। কোরআন শুধু জানলে হবে না, মানতেও হবে বলে মন্তব্য করেন তিনি; তাঁর মতে, সুফিবাদের শিক্ষা মানুষকে চরিত্রবান করে তোলে।

বিশ্বশান্তি ও সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভালোবাসার উপরে ধর্ম নেই, ভালোবাসার ওপরে ইবাদত নেই।’ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সুফিবাদ এবং মোহাম্মদী ইসলামের শিক্ষা ও বিশ্বজুড়ে এর কার্যক্রম নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে ‘দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলাম’ প্রামাণ্যচিত্রটি দেখানো হয়। অনলাইনে যুক্ত হয়ে পুরো আয়োজন দেখেন বিভিন্ন দেশের কয়েক লাখ আশেকে রাসুল। মিলাদ শরীফ ও বিশ্বকল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।